আত্মরক্ষায় যথেষ্ট শক্তিশালী ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে ইরানের উপরাষ্ট্রদূত ইসহাক আল হাবিব বলেছেন, আত্মরক্ষা করার মতো যথেষ্ট শক্তি ইরানের রয়েছে। দেশের ওপর যেকোনো হামলা প্রতিহত করার ব্যাপারেও তাঁদের পুরোপুরি অধিকার আছে। ইরানের পরমাণু কর্মসূচির ওপর ‘পরিষ্কার লাল রেখা’ আরোপ করতে বিশ্বের প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বানের পাল্টা জবাবে ইসহাক আল হাবিব এ কথা বলেন। আজ শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকের ভাষণে নেতানিয়াহু বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে ইরানকে ঠেকাতে সময় পার হয়ে যাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তাই এ কর্মসূচি বন্ধ করতে তেহরানে জরুরি ভিত্তিতে সুস্পষ্ট বার্তা পাঠাতে হবে। তবে তাঁর এই ভাষ্যকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে নাকচ করেছেন ইসহাক আল হাবিব। নেতানিয়াহু বলেন, ‘লাল রেখা যুদ্ধে আনে না, বরং যুদ্ধ ঠেকায়।’ সাত বছর ধরে তেহরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপই এর ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি। ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে বিশ্বের জন্য এর চেয়ে বড় বিপদ আর নেই। নেতানিয়াহু আশা প্রকাশ করে বলেন, এ ব্যাপারে ইরানের ওপর পরিষ্কার একটি লাল রেখা টেনে দিলে তাঁরা এ কর্মসূচি থেকে পিছিয়ে আসবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে একটি পথ বের করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধে যা যা করার, যুক্তরাষ্ট্র তা-ই করবে। তবে এ মাসের প্রথম দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছিলেন, ইরানের ওপর লাল রেখা আরোপের জন্য যুক্তরাষ্ট্র এখনো তৈরি নয়।ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বরাবরই সন্দিহান ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো। তবে তেহরানের দাবি, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে এ কর্মসূচি চালাচ্ছে।