আত্মসমর্পণ, ডেসটিনির ৩ শীর্ষ কর্তা কারাগারে
অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলায় আত্মসমর্পণের পর ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জহুরুল হক এই আদেশ দেন। ডেসটিনি গ্রুপের এই তিন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদক। তবে রিমান্ডের বিষয়ে আদালত কোনো আদেশ দেননি। এর আগে গতকাল সকাল সাড়ে নয়টায় প্রথমে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাঁর আইনজীবী এহসানুল হক সমাজি আদালতকে বলেন, এ মামলায় গত ৬ আগস্ট আসামি হারুন-অর-রশিদসহ পাঁচজনকে জামিন দিয়েছিলেন হাকিমের আদালত। পরে দুদকের বিরুদ্ধে রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ সেপ্টেম্বর আদালত তাঁদের জামিন বাতিল করে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। আইনজীবী বলেন, হারুন-অর-রশিদ জামিনের কোনো অপব্যবহার করেননি। তিনি একজন মুক্তিযোদ্ধা, সাবেক সেনাপ্রধান ও বয়স্ক ব্যক্তি। তাই ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় জামিনের সুবিধা পেতে পারেন।জামিনের বিরোধিতা করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, দুদক অনুসন্ধানের মাধ্যমে প্রাথমিকভাবে অবৈধভাবে অর্থ পাচারের তথ্য-প্রমাণ পেয়ে এ মামলা করেছে। হারুন-অর-রশিদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ স্থানান্তর ও আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ডেসটিনি দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জনগণের অর্থ আত্মসাৎ করে শুধু বিনিয়োগকারীদের নয়, দেশের ক্ষতি করেছে। তাই সামাজিক মর্যাদা বিবেচনা করে জামিন দেওয়ার সুযোগ নেই। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে সকাল সোয়া ১০টায় আবার আদালত বসলে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেন আত্মসমর্পণ করেন। তাঁদের জামিন আবেদন করে আইনজীবীরা বলেন, ডেসটিনি গ্রুপ সমবায় সমিতির অনুমতি নিয়ে কার্যক্রম শুরু করে। কোনো বিধি ভঙ্গ করেনি। আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। আসামিদের জামিন দেওয়া হলেও পালানোর সম্ভাবনা নেই।উভয় পক্ষের শুনানি ও নথি পর্যালোচনা শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন। দুদক গত ৩১ জুলাই রফিকুল আমীন, হারুন-অর-রশিদসহ ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় মামলা দুটি করে। তাতে সাধারণ বিনিয়োগকারীদের তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।মামলার বাকি আসামিরা হলেন: রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দীবা, ডেসটিনির উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক সাঈদ-উর-রহমান, মেজবাহ উদ্দিন স্বপন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানি, জমসেদ আরা চৌধুরী, শেখ তৈয়েবুর রহমান ও নেপাল চন্দ্র বিশ্বাস; ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলম এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা জাকির হোসেন, আজাদ রহমান, আকরাম হোসেন সুমন, শিরিন আক্তার, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, সাইদুল ইসলাম খান ও আবুল কালাম আজাদ।ডেসটিনির কর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষ: ডেসটিনির তিন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে আদালত থেকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে তোলার সময় আদালত অঙ্গনে ডেসটিনির কর্মীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা পুলিশের বেষ্টনী ভেঙে তিন আসামির কাছে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ডেসটিনির কর্মীরা সংবাদমাধ্যমের গাড়িও ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হাইকোর্টে জামিন আবেদন: নিম্ন আদালতে নাকচ হওয়ার পর গতকালই লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী রোববার আবেদন শুনানির জন্য রাখা হয়েছে। হারুন-অর-রশিদের আইনজীবী আবদুল মতিন খসরু আদালতকে বলেন, হারুন-অর-রশিদ সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। তিনি অসুস্থ ও হার্টের সমস্যায় ভুগছেন। তাঁকে জামিন দেওয়া বা না দেওয়ার এখতিয়ার আদালতের আছে। তাঁকে হাসপাতালে পাঠানোর আরজি জানান তিনি। এর বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কারাগারে গেলে হারুন-অর-রশিদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইজি প্রিজনকে বলব। এ ছাড়া তাঁর অসুস্থতার সমর্থনে কোনো কাগজপত্র নেই।এ সময় আদালত বলেন, তিনি সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডার। আবদুল মতিন খসরুর কথা কি বিশ্বাসযোগ্য নয়? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নিয়ম অনুযায়ী যা করার সব হবে। কারা কর্তৃপক্ষই এ বিষয়ে ব্যবস্থা নেবে। হারুন-অর-রশিদ ডেসটিনি থেকে মাসে ১০ লাখ টাকা বেতন নেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরাম থেকে পদত্যাগ করেছেন, তিনি ডেসটিনি ছাড়তে পারবেন না। উনি চোরদের সঙ্গেই থাকবেন।এরপর মতিন খসরু বলেন, ডেসটিনির সঙ্গে তাঁর (হারুন) কোনো সম্পর্ক নেই, তিনি একজন চাকরিজীবী। পরিচালনা পর্ষদ ডেসটিনি পরিচালনা করে থাকে। আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।