আত্মসমর্পণ, সিআইডির সাবেক তিন কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সিআইডির সাবেক তিন কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করেছেন। ৩ জুলাই দেওয়া সম্পূরক অভিযোগপত্রে অন্যদের সঙ্গে তাঁদেরও নাম এসেছে। গতকাল বুধবার ঢাকার মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলার সম্পূরক অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ১৪ জুলাই নির্ধারণ করেছেন পৃথক আদালত। হত্যা মামলা: গতকাল সকালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ মামলার তিন তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি আবদুর রশিদ, মুন্সি আতিক ও তদন্ত তদারক কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন আত্মসমর্পণ করেন। তাঁরা তাঁদের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আইনজীবী আবদুস সোবহান তরফদার আদালতকে বলেন, তিন আসামির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা জামিনযোগ্য। শুধু হয়রানি করার জন্য মামলায় জড়ানো হয়েছে তাঁদের। ২০০৯ সালে তাঁদের বিরুদ্ধে একই অভিযোগে মতিঝিল থানায় মামলা করা হয়। ওই মামলায় তাঁরা জামিনে আছেন। তাঁরা জামিনের অপব্যবহারও করেননি। এই মামলায় এসব আসামির বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে। তাই তাঁদের জামিন দেওয়া যায়। এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী নজিবউল্লাহ আদালতকে বলেন, কোনো ব্যক্তি যদি মিথ্যা অভিযোগের ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার চেষ্টা করেন, তবে সেই অপরাধে তিনিও দায়ী হয়ে যান। তিন তদন্ত কর্মকর্তা পরস্পর যোগসাজশে জজ মিয়া নামের এক ব্যক্তিকে দিয়ে জোর করে মিথ্যা জবানবন্দি আদায় করেছেন। প্রকৃত ঘটনা আড়াল করে মামলাটি ভিন্ন খাতে নিয়ে দোষীদের রক্ষার চেষ্টা করেছেন, যে কারণে আসামিদের জামিন পাওয়ার কোনো সুযোগ নেই। রাষ্ট্রপক্ষে শুনানিতে আরও অংশ নেন মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু, আবদুর রহমান হাওলাদার, আবুল কালাম আজাদ প্রমুখ।উভয় পক্ষের শুনানি শেষে বিচারক হাকিম কেশব রায় চৌধুরী আইনজীবীদের বলেন, মামলার সম্পূরক অভিযোগপত্র পর্যালোচনা করে তিনি জামিনের বিষয়ে আদেশ দেবেন। পরে বেলা একটার দিকে আদালত জামিনের আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনায় করা দুটি মামলার সম্পূরক অভিযোগপত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৩০ ব্যক্তিকে আসামি করা হয়। তারেক রহমানসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত। তাঁদের মধ্যে গত সোমবার সাবেক আইজিপি শহুদুল হক, আশরাফুল হুদা ও খোদা বখস্ চৌধুরী আত্মসমর্পণ করলে আদালত তাঁদেরও কারাগারে পাঠিয়ে দেন।বিস্ফোরক মামলা: গতকাল ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার সম্পূরক অভিযোগপত্রের নথি গ্রহণ করেন। আদালত এ অভিযোগপত্রের গ্রহণযোগ্যতাবিষয়ক শুনানির জন্য ১৪ জুলাই দিন ধার্য করেন।