আত্মসমর্পণ করছেন গাদ্দাফির ছেলে সাইফ
বাবার মতো পরিণতি এড়াতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছেন লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম। দেশটির ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।ক্ষমতাসীন এনটিসির কর্মকর্তা আবদেল মজিদ মেগতা গতকাল বুধবার জানান, সাইফ আল-ইসলাম আইসিসির কাছে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছেন। অথচ তিনি দেশের জন্য লড়াইয়ের অঙ্গীকার করেছিলেন। তবে আইসিসির মুখপাত্র সাইফ ইসলামের আত্মসমর্পণ-সংক্রান্ত কোনো আলোচনার কথা নিশ্চিত করতে পারেননি। সাইফ আল-ইসলামকে গাদ্দাফির উত্তরসূরি মনে করা হতো। গাদ্দাফির আট সন্তানের মধ্যেই তিনি এখনো লড়াইয়ের ময়দানে আছেন। ৩৯ বছর বয়সী সাইফ আত্মসমর্পণ করলে গাদ্দাফি পরিবারের চার দশকের শাসনের আরেকটি অধ্যায়ের ইতি ঘটবে।আবদেল মজিদ জানান, সাইফ আল-ইসলামের সঙ্গে তাঁর আত্মীয় সাবেক গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সেনুসিও আইসিসির কাছে আত্মসমর্পণ করতে চাইছেন। তিনি বলেন, তাঁদেরকে আইসিসির কাছে হস্তান্তর করতে তাঁরা একটি কৌশলের প্রস্তাব দিচ্ছেন। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ দমনে বল প্রয়োগের অভিযোগে মুয়াম্মার গাদ্দাফি, সাইফ আল-ইসলাম ও সেনুসিকে অভিযুক্ত করে আইসিসি।এনটিসি কর্মকর্তারা জানান, সাইফ আল-ইসলাম আলজেরিয়া বা নাইজারের মতো প্রতিবেশী দেশে আশ্রয় চেয়ে ব্যর্থ হওয়ার পর লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মরুভূমিতে লুকিয়ে আছেন। তবে প্রতিবেশী দেশগুলো গাদ্দাফির অন্য চার সন্তানকে আশ্রয় দিয়েছে।সাইফ আল-ইসলাম আত্মসমর্পণ করলে এটি হবে বিপরীতমুখী অবস্থান। তিনি লিবিয়ার মাটি রক্ষার যুদ্ধে মৃত্যুবরণ করার প্রতিজ্ঞা করেছিলেন। এ বছরের শুরুতে তিনি সাক্ষাত্কারে বলেছেন, ‘আমরা লিবিয়ার মাটিতে যুদ্ধ করছি এবং লিবিয়াতেই মারা যাব।’ রয়টার্স।