আত্মসমর্পণ করতে চান গাদ্দাফির ছেলে সাইফ
গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে আত্মসমর্পণ করতে চান বলে জানিয়েছে লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি)। দেশটির নতুন শাসকেরা আরও জানিয়েছেন, সাবেক নেতা গাদ্দাফিকে হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিচার করা হবে।সাইফের আত্মসমর্পণের আগ্রহের কথা জানিয়ে এনটিসি গতকাল বৃহস্পতিবার বলেছে, এ জন্য তিনি দেশত্যাগ করতে একটি বিমান চেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেদারল্যান্ডের দি হেগ শহরে অবস্থিত।এনটিসির কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার বাবা গাদ্দাফির মৃত্যুর পর থেকে দৌড়ের ওপর আছেন সাইফ। তবে তিনি বিচারের মুখোমুখি হতে চান বলে ইঙ্গিত দিয়েছেন। সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসিও নিজেকে বিচারের হাতে সোপর্দ করার আগ্রহ প্রকাশ করেছেন।সাইফ ও সেনুসি উভয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে আইসিসির। গত ফেব্রুয়ারিতে লিবিয়ার গণ-অভ্যুত্থান শুরুর পর নির্যাতনের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হবে।তবে সাইফের অবস্থান সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর পাওয়া যাচ্ছে। সাধারণভাবে তিনি দেশের দক্ষিণের বিশাল মরু এলাকায় রয়েছেন বলে মনে করা হচ্ছে। গাদ্দাফি বাহিনীর শক্ত ঘাঁটি বনি ওয়ালিদের পতনের পর থেকে তাঁর ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এমনকি গত সপ্তাহে গাদ্দাফিকে আটক ও তাঁর মৃত্যুর পর এনটিসির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, একই দিন সাইফের গাড়িবহরে যোদ্ধারা হামলা চালিয়েছে। সাইফ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এনটিসি পরে জানায়, সাইফ মরুভূমি পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ নাইজারের দিকে পালিয়ে যাচ্ছেন।এদিকে তদন্ত করে গাদ্দাফির রহস্যজনকভাবে নিহত হওয়ার ঘটনার বিচার করা হবে বলে জানিয়েছে এনটিসি। এনটিসির ভাইস চেয়ারম্যান আবদুল হাফিজ ঘোগা গতকাল বেনগাজিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গাদ্দাফির বিষয়ে কেউ কিছু বলবে, আমরা সে অপেক্ষায় বসে থাকব না। ইতিমধ্যে আমরা তদন্ত শুরু করেছি।’এনটিসি আগে বলেছে, আটক হওয়ার পর ক্রসফায়ারে গাদ্দাফির মৃত্যু হয়। তবে এ বক্তব্য খুব কম লোকেই বিশ্বাস করেছে। বিদ্রোহী যোদ্ধাদের মধ্য থেকে ইতিমধ্যে গাদ্দাফিকে গুলি করে হত্যার দাবিও করা হয়েছে। তদন্তের এই ঘোষণার মাধ্যমে এটি যে ক্রসফায়ার না হয়ে সত্যিই একটি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হতে পারে, এনটিসি দৃশ্যত সে স্বীকৃতিই দিল।এনটিসির ভাইস চেয়ারম্যান ঘোগা আরও বলেন, ‘যুদ্ধে বন্দীদের সঙ্গে কী ধরনের আচরণ করা হবে, তাঁর একটি নীতিমালা আমরা তৈরি করেছি। আমি নিশ্চিত, গাদ্দাফির ক্ষেত্রে যা ঘটেছে, তা একান্ত ব্যক্তিগত ঘটনা। এটি বিপ্লবী বা ন্যাশনাল আর্মির কাজ নয়। তাঁর হত্যার জন্য যে-ই দায়ী হোক না কেন, তাঁকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।’এদিকে সাবেক গোয়েন্দাপ্রধান সেনুসি নাইজারে পালিয়েছিলেন বলে আগে জানা গিয়েছিল। কিন্তু গতকাল খবর পাওয়া গেছে, তিনি নাইজার থেকে মালিতে চলে গেছেন। নাইজার ও মালির নিরাপত্তা সূত্র এ খবর জানায়।পরিচয় প্রকাশ না করার শর্তে নাইজারের একটি নিরাপত্তা সূত্র জানায়, আবদুল্লাহ আল-সেনুসি নাইজার থেকে মালির মরুভূমির দিকে চলে গেছেন। তুরেগ আদিবাসীরা তাঁকে নিরাপত্তা ও আশ্রয় দিচ্ছে। এই আদিবাসী গোষ্ঠীটি গাদ্দাফির সমর্থক ছিল।মালির উত্তরাঞ্চলের এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করে জানান, সেনুসি একটি ছোট দলের সঙ্গে আছেন। এএফপি।