আত্মসমর্পণ করলেন সাজাপ্রাপ্ত বিএনপির সাবেক সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির সাবেক সাংসদ আবদুল গনি আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি খুলনা বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক তাঁকে খুলনা জেলে পাঠান।২০০৮ সালের ১০ নভেম্বর বিচারক আবদুল মতিন দুটি মামলায় আবদুল গনিকে তাঁর অনুপস্থিতিতেই সাত বছরের কারাদণ্ড দেন। কারাগার সূত্র জানিয়েছে, অসুস্থ অবস্থায় আবদুল গনি আত্মসমর্পণ করায় জেল কোড অনুযায়ী তাঁকে চিকিত্সার জন্য কারাগারের হাসপাতালে পাঠানো হয়েছে। গাংনী উপজেলা শহরের বাজারপাড়ার সিরাজুল ইসলাম ও কড়ুইগাছি গ্রামের রফিকুল ইসলামকে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাত্ করার অভিযোগ এনে ওই দুজন ২০০৭ সালের ৯ এপ্রিল গাংনী থানায় প্রতারণা ও চাঁদাবাজির দুটি মামলা দায়ের করেন। ১৫ এপ্রিল গাংনী থানা-পুলিশ মামলা দুটির তদন্ত সম্পন্ন করে। একই সালের ২২ নভেম্বর বিচারকাজ শুরু করতে মামলা দুটি খুলনা বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালতে চলে যায়।কিন্তু আবদুল গনি পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একপর্যায়ে আদালতে তাঁর সম্পত্তি ক্রোক করার নির্দেশও দেন।উল্লেখ্য, ১৯৯৬ ও ২০০১ সালে তিনি মেহেরপুর-২ (গাংনী) আসন থেকে বিএনপির সাংসদ নির্বাচিত হন। ১/১১ সময়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠলে তিনি গা ঢাকা দেন।