উত্তপ্ত পাবনা ডিসি অফিস ঘেরাও কর্মসূচি প্রত্যাহার
আত্মসমর্পণের পর ২১ আসামি জেলে, বিক্ষোভ-সমাবেশ
পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার কেন্দ্রে হামলা মামলার আসামিরা গতকাল রোববার সকালে আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।এদিকে পৌর আওয়ামী লীগ তাদের পূর্বঘোষিত জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেনি। তবে আসামিদের আত্মসমর্পণের পর তারা জেলা প্রশাসনের অপসারণ ও আসামিদের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও সমাবেশ করে। শনিবার রাতে পৌর আওয়ামী লীগ ঘেরাও কর্মসূচি ঘোষণার পর থেকেই শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবেশ স্বাভাবিক রাখতে গতকাল সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থান, আদালত চত্বর ও জেলা প্রশাসন কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাক জানান, আওয়ামী লীগ সহিংসতার রাজনীতি করে না। তাই দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হয়।গতকাল বেলা ১১টায় দুটি মামলায় ২১ জন আসামি আদালতে হাজির হন। তাঁরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সন্তোষ হাওলাদার, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক জহির হাসান, ত্রাণ সম্পাদক মো. সজল, পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য স্বপন, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি পিয়াল, যুবলীগের কর্মী রেজা, শরীফ, হারুন, লালু, আরিফ, আলাল, বাবু, ছাত্রলীগের কর্মী ইমরান, সবুর ও মজিদ।প্রথমে তাঁরা বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষে আদালতের উপপরিদর্শক আনোয়ার হোসেন আসামিদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটকে মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে জামিন আবেদন নামঞ্জুরের প্রার্থনা করেন। বিচারক লায়লা শারমীন উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা অপর মামলার জন্য এই নির্দেশের অনুলিপি দ্রুত বিচার আদালতে পাঠান। এ মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়।এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল আহাদ বলেন, সরকারপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তার কোনো প্রমাণই তাঁরা দেখাতে পারেননি। শুধু জেলা প্রশাসনের করা মামলা বলে জামিন দেওয়া হয়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান তিনি।প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর সকাল নয়টায় পাবনা জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর ১০ থেকে ১৫ মিনিট পর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পরীক্ষাকেন্দ্রে হামলা চালিয়ে পরীক্ষা ভণ্ডুল করে দেন। এ সময় তাঁরা অতিরিক্ত জেলা প্রশাসকসহ চার কর্মকর্তাকে লাঞ্ছিত ও তাঁদের চারটি গাড়ি ভাঙচুর করেন। ওই দিন রাতেই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে ছাত্রলীগ-যুবলীগের ৩১ নেতা-কর্মীর নাম উল্লেখসহ আরও অজ্ঞাত শতাধিক নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা করেন। একটি মামলা দ্রুত বিচার আইন ও অপরটি সরকারি কাজে বাধাদান আইনে করা হয়। ৩১ জন আসামির মধ্যে কয়েক দিনে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।অপর আসামিদের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল আহাদ বলেন, অন্যায় না করেও জীবনের প্রথম মামলার আসামি হওয়ায় তাঁরা পলাতক রয়েছেন।আসামিদের জেলহাজতে পাঠানোর পর আদালত চত্বর থেকেই ছাত্রলীগ-যুবলীগ ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের মুক্তি ও জেলা প্রশাসকের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হন তাঁরা। এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে আরও মিছিল এসে সেখানে জমায়েত হয়। নেতা-কর্মীরা দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত শহরের প্রধান সড়ক আটকে বিক্ষোভ করেন এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি ও জেলা প্রশাসকের অপসারণের দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হাসান। তিনি বলেন, ১৭ সেপ্টেম্বরের ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের কোনো দোষ ছিল না। জেলা প্রশাসন কার্যালয় পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ায় বিক্ষুব্ধ পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা ওই ঘটনা ঘটান। কিন্তু জেলা প্রশাসক নিজের দুর্নীতি ঢাকতে ছাত্রলীগ-যুবলীগের ওপর দোষ চাপিয়ে মিথ্যা মামলা করে তাঁদের হয়রানি করছেন।সভায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, দপ্তর সম্পাদক ও আইনজীবী আবদুল আহাদ, শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহম্মেদ, পাবনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শামসুন্নাহারসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য দেন।এসব বিষয়ে জানতে জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।