প্রধান নির্বাচন কমিশনার ও অন্য দুই কমিশনারের আত্মসম্মান বোধ থাকলে তাঁদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ভোলা-৩ আসনের উপনির্বাচনের পর নির্বাচন কমিশন মানুষের গ্রহণযোগ্যতা হারিয়েছে। এ অবস্থায় সাংবিধানিক পদে থাকার নৈতিক অধিকার তাঁদের নেই। তাঁদের নিজে থেকেই চলে যাওয়া উচিত।আজ সোমবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এই কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য দুই কমিশনারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যদি তাঁরা তা না করেন, তাহলে আমরা বুঝব তাঁদের আত্মসম্মানবোধ নাই।’সাংবাদিকদের মওদুদ আহমদ বলেন, ‘আমাদের প্রার্থী (হাফিজ উদ্দিন আহমেদ) অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। ২৯ ডিসেম্বরের নির্বাচনে (২০০৮ সালের সংসদ নির্বাচন) আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিনের সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ছিল আট হাজার, এবার তা বেড়ে হয়েছে ৫০ হাজার। কয়েক মাসের মধ্যে ভোটের ব্যবধান ছয় গুণেরও বেশি বেড়ে গেছে। এটা সম্ভব কি না, ভেবে দেখবেন।’বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘উপনির্বাচনের দিন সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যেই ৫৭টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ওখানে একতরফাভাবে সিল মারা হয়েছে। বেলা ১১টা পর্যন্ত মোট ভোটের ৫০ শতাংশ দেওয়া হয়ে গেছে। এরপর আর কোনো ভোটার আসেননি। অর্থাত্ প্রতি মিনিটে ১১টা করে ভোট পড়েছে। এটা সম্ভব নয়।মওদুদ আহমদ জানান, ভোটের দিন নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে মোট ৫১টি অভিযোগ তাঁরা ফ্যাক্স করে পাঠিয়েছিলেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের উচিত ছিল, তখনই নির্বাচন বন্ধ করে দেওয়া। কিন্তু তারা আমাদের অভিযোগের কোনো গুরুত্বই দেয়নি।’প্রধানমন্ত্রী গত রোববার চাঁদপুরে বলেছেন, ভোলার মানুষ খালেদা জিয়াকে জবাব দিয়েছে। এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মওদুদ আহমদ বলেন, এর জবাব প্রধানমন্ত্রী নিজেই পাবেন। ভোলার মানুষ যে আওয়ামী লীগকে কত ঘৃণা করে, আগামী নির্বাচনেই তা প্রমাণ হবে।বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবেন কি না, জানতে চাইলে মওদুদ আহমদ বলেন, ‘আমরা এখনো এই সিদ্ধান্ত নেইনি।’