আত্মসম্মান নিয়ে ইসির পদত্যাগ করা উচিত: অলি আহমদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সরকারের অপকর্মের প্রতিবাদে আত্মসম্মান নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ করা উচিত। তিনি বলেন, নির্বাচন কমিশনই যেখানে সরকারের বেড়াজাল থেকে মুক্ত নয়, সেখানে অন্য কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারবে না।নির্বাচন কমিশনারদের (ইসি) উদ্দেশ করে অলি আহমদ বলেন, চার মাস পরে তো আপনাদের চলে যেতেই হবে। কিন্তু তখন হয়তো মানসম্মান নিয়ে যেতে পারবেন না। এখন সরকারের অপকর্মের প্রতিবাদ জানিয়ে আত্মসম্মান নিয়ে পদত্যাগ করেন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দেশ মহাসংকটে’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অলি আহমদ এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকে বিরোধী দল বিএনপির প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিল সংসদে এনে সরকার পাস করে, তাহলে বিএনপি সংসদে যাওয়ার বিষয়ে বিবেচনা করবে। তিনি বলেন, বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু সেই সঙ্গে মুক্তিযোদ্ধা হত্যাকারীদেরও বিচার করতে হবে।বৈঠকে আয়োজক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শওকত হোসেন বক্তব্য দেন।