আত্মসাৎ করা অর্থের সন্ধানে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিমান্ডে নেওয়ার পর বিতর্কিত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক তুষার আহমেদকে গতকাল মঙ্গলবার প্রথম দিনের জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকারী দল। দুদকের তদন্তকারী দলের প্রধান ও জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীসহ ছয়জন সদস্য তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘তানভীর ও তুষারকে জিজ্ঞাসাবাদের মূল বিষয় হলো, আত্মসাৎ করা অর্থ ব্যাংকটির কার কার সাহায্যে আত্মসাৎ করা হলো। এ ছাড়া ওই টাকা কোথায় আছে, কী অবস্থায় আছে, কতটুকু বিদেশে পাচার করা হয়েছে, তা-ও জিজ্ঞাসাবাদে তাঁদের কাছে জানতে চাওয়া হচ্ছে।’ডেসটিনি মামলায় আসামিদের আত্মসমর্পণের সুযোগ এখনো রয়েছে জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘র‌্যাব-পুলিশ দিয়ে গ্রেপ্তারের চেয়ে আত্মসমর্পণ করাই তাঁদের পক্ষে বেশি সম্মানজনক হবে বলে আমি মনে করি।’ দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র জানায়, সোমবারের জিজ্ঞাসাবাদে তানভীর স্বীকার করেছেন, অনিয়ম করে পরিকল্পনা অনুযায়ী সোনালী ব্যাংক থেকে অর্থ তুলে নেওয়া হয়েছে। আর গতকালের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ব্যাংক থেকে আত্মসাৎ করা অর্থের কিছু অংশ স্ত্রীর নামে এবং কিছুটা বেনামে (আত্মীয়স্বজনের নামে) বিভিন্ন ব্যাংক হিসাবে রাখা হয়েছে।দুদক সূত্র জানায়, তানভীর মাহমুদ গত অর্থবছরে ৩৫ লাখ টাকা আয়কর দিয়েছেন। কিন্তু তাঁর পুরো সম্পদের তথ্য ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়কর নথির কোথাও উল্লেখ করেননি। অন্যদিকে তাঁর স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের আয়কর নথিতে এক কোটি টাকার কিছু বেশি আয়কর দেওয়ার তথ্য রয়েছে। তানভীর ও জেসমিনের আয়কর নথি তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পর্ষদের কাছে নোটিশ যাচ্ছে: সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামসহ ব্যাংকটির ১১ সদস্যের (পরিচালক) সম্পদের খোঁজখবর নিচ্ছে দুদক। দুদক চেয়ারম্যান গোলাম রহমান এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার পর এ কাজ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা। গোলাম রহমান প্রথম আলোকে জানান, সম্পদের বিষয়ে আলাদা অনুসন্ধান করা হবে। হলমার্কের ঋণ জালিয়াতির ঘটনায় পরিচালনা পর্ষদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে না এলেও দুদকের মামলা-পরবর্তী তদন্তে এ বিষয়টি আরও বিশদভাবে খতিয়ে দেখা হবে। আগামী সপ্তাহেই স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে তাঁদের নোটিশ দেওয়া হবে। ইতিমধ্যে পরিচালনা পর্ষদের সাবেক সদস্য জান্নাত আরা হেনরীর সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে।চার প্রতিষ্ঠানকে নোটিশ: সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ঋণ কেলেঙ্কারির অভিযোগে আরও চার প্রতিষ্ঠানের প্রধানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়েছে দুদক। প্রতিষ্ঠানগুলো হলো—নকশি নিট, টি অ্যান্ড ব্রাদার্স, প্যারাগন নিট ও খান জাহান আলী সোয়েটার্স। বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, আগামী রোববার থেকে বুধবার পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল বিকেলে এসব নোটিশ পাঠানো হয়। আগারগাঁও শাখার আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ: সোনালী ব্যাংক আগারগাঁও শাখায় ১৪১ কোটি টাকা জালিয়াতির তদন্ত শুরু করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের তৈরি করা প্রতিবেদনে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার পর ব্যাংকটির আগারগাঁও শাখা নিয়েও অভিযোগ ছিল। গতকাল ব্যাংকের আগারগাঁও শাখার আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী দলের প্রধান ও দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক বেনজীর আহমেদ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে আগারগাঁও শাখার কর্মকর্তা চৌধুরী আলী আকবর, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এস ওবায়দুর রহমান, জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ আরিফ ও হাসান আলভি, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোখলেছ ও নির্বাহী কর্মকর্তা আবুল কালাম এবং সাবেক দুই শাখা ব্যবস্থাপক খায়রুল আলম ও মো. শহীদুল ইসলামকে।দুদক সূত্র জানায়, হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনা উন্মোচিত হওয়ার সময়ই সোনালী ব্যাংকের আগারগাঁও শাখার হিসাবেও গরমিল দেখা দেয়। জানা গেছে, ওই আট কর্মকর্তার যোগসাজশে গ্রিন প্রিন্টার্স লিমিটেড নামে একটি কোম্পানি হলমার্কের মতো ঋণপত্র খোলার নামে ১৪১ কোটি টাকা ব্যাংক থেকে বের করে নেয়। গ্রিন প্রিন্টার্সের স্বত্বাধিকারী গৌতম মিত্রকে আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে। জামিনের আবেদন নাকচ: আমাদের আদালত প্রতিবেদক জানান, ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুদকের করা ১১টি মামলার আটটিতে গতকাল মঙ্গলবার তানভীর মাহমুদ ও তুষার আহমেদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। তাঁদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফৌজিয়া ইয়াছমিন। মহানগর হাকিম এম এ সালাম তা নাকচ করে দেন। গত সোমবার থেকে তানভীর ও তুষার মাহমুদকে ১১টি মামলায় ১০ দিন করে ১১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন মামলায় দুজনকে আট দিন করে মোট ২৪ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এ ছাড়া পল্লবী থানার একটি অস্ত্র মামলায় তানভীরকে পৃথক আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।