আত্মহত্যায় প্ররোচনা, পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলী গ্রামের আদিবাসী তরুণী সিরাপিনা মার্ডির আত্মহত্যায় প্ররোচনার দায়ে পাঁচজনের কারাদণ্ডের আদেশ হয়েছে। তাঁদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।গত সোমবার রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এ কে এম একরামুল হক এ রায় ঘোষণা করেন। মামলায় অপর ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: নির্মল টুডু, জুয়েল, সিমন হেমব্রম, জুলিয়ান ও কার্লুস মার্ডি। তাঁরা পলাতক রয়েছেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ৪ এপ্রিল রাতে সিরাপিনা গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় তাঁর বাবা কর্নেলিউস মার্ডি বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা করেন। পরে উপজেলার শুনশুনিপাড়া গির্জার ফাদারসহ সাঁওতাল পরগানার নেতারা ভয়ভীতি দেখিয়ে আপসরফা করেন। এতে ওই আসামিরা প্রেপ্তার হলেও আদালত থেকে খালাস পেয়ে যান। খালাস পাওয়ার পর তাঁরা আবার মেয়েটির পিছু লাগেন। এ অপমান সহ্য করতে না পেরে গত বছরের ১৭ ফেব্রুয়ারি সিরাপিনা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ২০ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় সিরাপিনার মা মুশান্না সরেন গত বছরের ১০ মার্চ রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নয়জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান গত ২৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি সৈয়দা মর্জিনা খাতুন।