জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারহা নাজ ১৩ এপ্রিল আত্মহত্যার আগে ডায়েরিতে লিখে গিয়েছিলেন, ‘আমাকে একটু আলো দাও, একটু জল দাও আর একটিবার একটা সুযোগ দাও, আমি নতুন করে বাঁচতে চাই।’স্বামীর প্রতারণার শিকার ফারহার চরম অসহায় মুহূর্তে কেউ তাঁর পাশে এসে দাঁড়ায়নি। একপর্যায়ে মৃত্যুকেই বেছে নেন তিনি। চরম নৈরাশ্য বা নিষ্করুণ জীবনের বৈরিতার মুখে এ রকম একটু আলো বা ভরসার বাড়িয়ে দেওয়া হাতের অভাবে হারিয়ে যাচ্ছেন ফারহার মতো আরও অনেক নারী।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, দেশের ৫০ লাখ মানুষ চরম হতাশায় ভুগছে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এমন হতাশায় ডুবে থাকা মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং তাদের বেশির ভাগই নারী। চরম হতাশায় ডুবে থাকা এসব মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মনোচিকিৎসক মোহিত কামাল প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিদিন অসংখ্য রোগী পাচ্ছি, যারা ভীষণ হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত এসব মানুষই একপর্যায়ে আত্মহননের পথ বেছে নেয়। আমরা যত আধুনিক হচ্ছি, সম্পর্কের জটিলতাও তত বাড়ছে। স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকার মধ্যে বিশ্বাসের জায়গাগুলো দুর্বল হয়ে যাচ্ছে। সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসনের আমরা পরোয়া করছি না, কিন্তু তাতে ভালো ফল পাওয়া যাচ্ছে না।’বিশেষজ্ঞরা বলছেন, দেশে আত্মহত্যার সমস্যা ক্রমশ বাড়ছে এবং এর কোনো তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। অন্যান্য বিষয়ের পাশাপাশি আত্মহত্যাসংক্রান্ত আইনও পর্যালোচনার প্রয়োজন।মনোবিজ্ঞানীরা বলছেন, পারিবারিক মূল্যবোধের অবক্ষয়, নির্যাতন ও অন্যান্য প্রতিকূলতার মুখে অসহায়ত্বের বোধ থেকে নারীরা আত্মহত্যা করছেন। যৌতুক নিয়ে অশান্তি ও দাম্পত্য কলহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বখাটেপনার শিকার হয়ে আত্মহত্যার ঘটনা।আত্মঘাতী হওয়াদের একটা বড় অংশই নারী। কৌতূহলের বিষয় হচ্ছে, প্রতিবেশী কয়েকটি দেশে পুরুষের মধ্যে আত্মহত্যার হার বেশি হলেও বাংলাদেশে তা উল্টো।একটি এনজিওর ২০০৫ সালের ‘বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে’র তথ্যমতে, শূন্য থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে যারা আত্মহত্যা করে, তাদের ৫৪ শতাংশই ছিল মেয়ে। ১৪ বছর বয়সীদের মধ্যে প্রতি লাখে ১০ জন মেয়ে আত্মহত্যা করলেও ছেলেদের ক্ষেত্রে এই সংখ্যা শূন্য। ১৭ বছর বয়সে প্রতি লাখে ৩২ জন ছেলে হলেও মেয়েদের ক্ষেত্রে সংখ্যাটি ৫০।সম্প্রতি রাজধানীর জুরাইনে ঘুমের ওষুধ খেয়ে এবং কমলাপুরে শরীরে কেরোসিন ঢেলে শিশুসন্তানকে হত্যা করে মায়েরা যে আত্মহত্যা করছেন, তা একটি বিপজ্জনক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছে পুলিশ, মনোবিজ্ঞানী ও মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে, আত্মহত্যা সংক্রামক ব্যাধির মতো বিস্তার লাভ করছে।প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশে প্রতিবছর গড়ে ১৪ হাজারের বেশি মানুষ অস্বাভাবিক মৃত্যুবরণ করে। পুলিশ সদর দপ্তরের হিসাবে, গত পাঁচ বছরে প্রায় ৫৩ হাজার মানুষ আত্মহত্যা করেছে। এর মধ্যে ২৩ হাজার ৫৮ জন ফাঁসিতে ঝুলে এবং ২৯ হাজার ৮১১ জন বিষ খেয়ে মারা যায়। যেকোনো বিচারেই এই সংখ্যা বিপুল এবং তা ক্রমশ বাড়ছে বলে মনে করেন মনোচিকিৎসকেরা।বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, শহরাঞ্চলে আত্মহত্যার ঘটনা বেশি ঘটছে প্রতারণার শিকার হয়ে আর গ্রামাঞ্চলে আত্মহত্যার মূল কারণ যৌতুক। মনোবিজ্ঞানীরা বলছেন, আগে মূলত ২০ থেকে ৪০ বছর বয়সী নারীরা অনেক দিন ধরে পরিকল্পনা করে আত্মহত্যা করতেন। এখন অল্পবয়স্ক মেয়েরাও বখাটেপনার শিকার হয়ে তাৎক্ষণিক তাড়নায় আত্মঘাতী হচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের একটি সমীক্ষায় দেখা গেছে, বখাটেপনার শিকার হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে ১৬ জন আত্মহত্যা করেছে। বখাটেদের বিরুদ্ধে নিজে আন্দোলন করেছে এমন একজন স্কুলছাত্রীও বখাটেপনার শিকার হয়ে আত্মঘাতী হয়েছে।নারীদের মধ্যে আত্মহত্যার হার বাড়া এবং বিশেষ করে শিশুসন্তানকে হত্যা করে আত্মঘাতী হওয়ার পেছনে কী কারণ রয়েছে জানতে চাইলে মনস্তত্ত্ববিদ মেহতাব খানম প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে সন্তান প্রতিপালনের সিংহভাগ দায়িত্ব মাকে নিতে হয়। নিপীড়নের শিকার মায়েরা তাই স্বামী, শ্বশুরবাড়ি ও সমাজের ওপর প্রতিশোধ নিতে গিয়ে সন্তানকে খুন করে আত্মহত্যা করছেন। বাবা-মায়ের দ্বন্দ্ব সন্তানের ওপর কী প্রভাব ফেলে, সে সম্পর্কে সাধারণ মানুষ কোনো ধারণাই রাখে না।’আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে মিডিয়ার ব্যাপক প্রচারকেও দায়ী করেন মেহতাব খানম। তিনি বলেন, যাঁরা চরম হতাশায় ভুগছেন, তাঁরা মিডিয়ায় প্রচারিত সংবাদগুলো থেকে ‘আত্মহত্যার প্লট’ খুঁজে নিচ্ছেন।বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বর্তমান পরিস্থিতিকে সংক্রামক ব্যাধির সঙ্গে তুলনা করে বলেন, ‘বাংলাদেশের নারীরা যখন অত্যাচারিত হন, তখন তাঁদের কারো কাছে যাওয়ার জায়গা থাকে না। তাই তাঁরা আত্মহত্যা করে বসেন। অনেক দেশে ম্যারেজ কাউন্সেলর (পরামর্শদাতা) রয়েছেন, যাঁরা স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ মীমাংসা করে থাকেন।’বিশেষজ্ঞরা মনে করেন, স্কুল-কলেজে পড়ুয়া মেয়েদের আত্মহত্যার অন্যতম কারণ তাদের অসহায়ত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘একটি মেয়েকে যখন বখাটেরা উত্ত্যক্ত করে, তখন সে কারো কাছে আশ্রয় পায় না। পরিবার, সমাজ তাকে দূরে ঠেলে দেয়। অপরাধীর কোনো সাজা হয় না, আক্রান্ত মেয়েটি আরও বেশি নিগৃহীত হয়। সে মনে করে, আত্মহত্যা করা ছাড়া তার অন্য কোনো পথ খোলা নেই।’অধ্যাপক শহীদুল্লাহ মনে করেন, এর দ্রুত কোনো সমাধান নেই। প্রয়োজন দীর্ঘমেয়াদি উদ্যোগ। তাই তিনি বলেন, ‘আলাদা আলাদাভাবে কাউন্সেলিং (পরামর্শ দিয়ে) করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কি না, তা নিয়ে প্রশ্ন আছে। একটা সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব প্রয়োজন।’সমাজবিজ্ঞানী দুর্খেইমকে উদ্ধৃত করে এই অধ্যাপক বলেন, অর্থনৈতিক ও সামাজিক সংকটগুলো দূর করে যদি একটি ন্যায়ভিত্তিক বৈষম্যমুক্ত সমাজব্যবস্থা চালু করা যায়, তাহলে মানুষের মধ্যে হতাশা কমে আসবে, আত্মহত্যার প্রবণতাও দূর হবে। আত্মহত্যার পেছনে যে কারণই থাক না কেন, এটি রোধ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের অপরাধ বিশেষজ্ঞ ভানু লাল দাস। তিনি বলেন, ‘রাষ্ট্র আত্মহত্যাকে স্বীকৃতি দেয় না। আর যাঁরা নির্যাতিত হয়ে আত্মঘাতী হচ্ছেন, তাঁরা মনে করছেন, এর ফলে নিপীড়কের শাস্তি হবে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কারো সাজা হয় না।’ভানু লাল দাস মনে করেন, আত্মহত্যাকে নিরুৎসাহিত করতে এ-সংক্রান্ত আইন নিয়ে ব্যাপক আলোচনা হওয়া প্রয়োজন। আত্মহত্যার চেষ্টাকারীর দণ্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী এক বছর কারাদণ্ডের বিধান রয়েছে। যারা আত্মহত্যার চেষ্টা করবে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর উচিত হবে তাদের বিষয়ে থানায় অভিযোগ করা।