আত্মহত্যার মিছিলে একজনই ব্যতিক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্যাটিং-অর্ডার উল্টো দিক থেকে শুরু করলেই তো হয়! বহু পুরোনো রসিকতা। কাল প্রেসবক্সে এক সাংবাদিক বিকল্প প্রস্তাব দিলেন। লটারির মাধ্যমে ঠিক হোক বাংলাদেশের ব্যাটিং-অর্ডার! ১ নম্বর আর ১০ নম্বরে যে কোনো পার্থক্য নেই। না, ভাই, অবশ্যই আছে। কালই তো বাংলাদেশের ১০ নম্বর ব্যাটসম্যান শফিউল ৭৪ মিনিট উইকেটে থেকে ৯ রান করলেন। যেখানে তামিম ইকবাল ও ইমরুল কায়েস—দুই ওপেনারই ০! ব্যাটিং-অর্ডার নিয়ে ওই রসিকতাটা এসব সময়েই বেশি হয়। নিছক রসিকতাই বা বলেন কীভাবে! টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মাত্র ১৬টি সেঞ্চুরি। এর তিনটি ৭, ৮ ও ৯ নম্বর ব্যাটসম্যানের। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজে ৯ নম্বরে সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ রফিক, ৮ নম্বরে নেমে খালেদ মাসুদের সেঞ্চুরিও ওই একই টেস্টে। দুই দিন আগে চট্টগ্রাম টেস্টে মুশফিকুর রহিম সেঞ্চুরি করলেন সাতে নেমে। লোয়ার-অর্ডারের এই বীরত্বগাথায় কাল আরেকটি পর্ব যোগ হতে হতে হলো না।হলো না-ই বলেন কী করে! মাত্র ৪ রানের জন্য মাহমুদউল্লাহর নাম সেঞ্চুরিয়ানদের তালিকায় ওঠেনি। কিন্তু এই অপরাজিত ৯৬ রানের এমনই মহিমা যে, প্রতিপক্ষের খেলোয়াড়েরা দৌড়ে এলেন তাঁকে অভিনন্দন জানাতে। যুবরাজ সিং পিঠ চাপড়ে দিয়ে বললেন, ‘সেঞ্চুরি পাওনি, তাতে কী! দুর্দান্ত ইনিংস!’আসলেই দুর্দান্ত। প্রশংসাটা আরও উপযুক্ত হয় ‘টেস্ট ইনিংস’ বললে। শুধুই ব্যাটিংয়ের জন্য যাঁরা দলে, ড্রেসিংরুমে বসে দেখেছেন তাঁদের আত্মহত্যার মিছিল। যখন নেমেছেন, স্কোরবোর্ড দেখাচ্ছে ৬ উইকেটে ১০৬! কিছুক্ষণের মধ্যেই অধিনায়ক সাকিব আল হাসানও যখন দিব্যি ‘ঝাঁকের কই হয়ে ঝাঁকে মিশে’ গেলেন, মাহমুদউল্লাহর রান মাত্র ১২।সেখান থেকে তিন বোলারকে সঙ্গী করে ১০৬ রান (তাঁর নিজেরই ৮৪) যোগ করার জন্য যতটা হাততালি প্রাপ্য, মাহমুদউল্লাহ তার চেয়ে বেশি হাততালি পাবেন সংবাদ সম্মেলনের ওই ঘোষণায়: ‘না, সেঞ্চুরি পাইনি বলে কোনো দুঃখ নেই। দলে অবদান রাখতে পেরেছি, এটাই আমার কাছে শেষ কথা।’ শুধু ব্যাটিংয়ে আত্মনিবেদন আর দৃঢ়প্রতিজ্ঞার ছাপ দেখেই বাংলাদেশ দলে আরও কয়েকজন মাহমুদউল্লাহর প্রয়োজন বলে লিখে দিয়েছেন সুনীল গাভাস্কার। এ কথা শুনলে হয়তো লিখবেন—বাংলাদেশ দলের সব কজনই ‘মাহমুদউল্লাহ’ হয়ে যাক না!সেটি তো আর সম্ভব নয়। মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহই। আশরাফুল যেমন আশরাফুলই। চট্টগ্রাম টেস্টের পর বিদেশি ওয়েবসাইটকে কোচ জেমি সিডন্স পরিষ্কারই বলে দিয়েছেন, সে রকম কোনো বিকল্প নেই বলেই আশরাফুল এখনো দলে আছেন। সিরিজের মাঝখানে কোচরা এ জাতীয় কথা বলেন না। যদি বলেনই, সেটি সাধারণত খেলোয়াড়ের অহমে ঘা দিতে। ভুল প্রমাণ করার একটা প্রতিজ্ঞা ছড়িয়ে দিতে। আশরাফুলের অবশ্য এসবে কোনো হেলদোল হয় না বলে একটা ধারণা ক্রমেই শিকড় গেড়ে বসছে সবার মনে। কাল কিছুক্ষণের জন্য মনে হয়েছিল, আশরাফুল ব্যাটেই হয়তো জবাব দেবেন সিডন্সকে। কিন্তু জবাব দেওয়ার মানে কি বোলিংকে ছিঁড়েখুঁড়ে ফেলার উন্মত্ততা! আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক দশকের অভিজ্ঞতা আশরাফুলকে তো এটা জানানোর কথা যে, ক্রিকেট খেলা হতে পারে, কিন্তু ছেলেখেলা নয়। শারীরিক আকৃতিতে ছোটখাটো কিন্তু ক্রিকেটীয় কীর্তিতে মহীরুহসম যিনি দুুই দিন আগে তাঁর বাড়িতে আতিথ্য নিলেন, তাঁর সাহচর্যই বা কী শেখাল তাঁকে!বছর তিনেক আগে এই ভারতের বিপক্ষে এই মাঠেই মাত্র ৪৬ মিনিটে ৬৭ রানের ইনিংস খেলার পর রাহুল দ্রাবিড় তাঁকে বলেছিলেন, ‘ভেবে দেখো, এই রানটাই তুমি দুই ঘণ্টায় করলে দলের জন্য কত ভালো হতো! ভেবে থাকলে আশরাফুল কাল দলের ওই পরিস্থিতিতে প্রজ্ঞান ওঝাকে ওভাবে ঢাকা শহরের বাইরে উড়িয়ে মারতে যান না! ধারাভাষ্যে সুনীল গাভাস্কারকে মনে করিয়ে দিতে হয় না, ‘ইটস্ দা ফাইভ ডে গেম!’টসে জিতে কোনো দল ফিল্ডিং নেওয়ার পর লাঞ্চের আগেই ৫ উইকেট পড়ে গেলে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবে স্বাভাবিক। তা উঠল আসল ব্যাটসম্যানদের কারণে। উইকেটে একটু আর্দ্রতা ছিল, নতুন লাল বল চরিত্র অনুযায়ী সুইংও করেছে, তবে টেস্ট ম্যাচের প্রথম দিন সকাল তো এমনই হবে। স্কোরবোর্ডের অমন ‘শহীদ মিনার’ হয়ে যাওয়ার মূলে যতটা না উইকেট বা বোলিং, তার চেয়ে বেশি বাংলাদেশের ব্যাটসম্যানদের অনিয়ন্ত্রিত মন। ৫ উইকেট ৫১ থেকে ২৩৩ যথেষ্টই ভালো। কিন্তু এটা তো বীরেন্দর শেবাগ মাঝেমধ্যে একাই করে ফেলেন! ভারতীয় দলে টেন্ডুলকার-দ্রাবিড়ও আছেন। তার পরও শেবাগের নামটা বলার প্রথম কারণ, তিনি ৪০ বলে ৪১ করে অপরাজিত। প্রথম কারণ, তবে একমাত্র কারণ নয়। ক্রিকেটীয় সৌজন্য ভুলে অকপটে মনের কথা বলে ফেলে বাংলাদেশে প্রায় ‘গণশত্রু’তে পরিণত এই ওপেনার। টীকাটিপ্পনীও কম শুনতে হয়নি। বাংলাদেশের বিপক্ষে ‘অর্ডিনারি’ রেকর্ডটাও অনেকেই মনে করিয়ে দিয়েছেন তাঁকে। সব মিলিয়ে তেতে আছেন বীরেন্দর শেবাগ। এর অর্থ? এই টেস্টে শেবাগ বড় কিছু না করলে তা হবে অষ্টমাশ্চর্য!