আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুলিশের মামলা, গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী কিশোরী সিরাপিনা মার্ডির আত্মহত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গতকাল বুধবার রাতে এ মামলা হয়। পুলিশ রাতেই স্থানীয় গির্জার ফাদারসহ ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।এদিকে ধর্ষকদের বিচারের দাবিতে গতকাল রাজশাহী নগর ও গোদাগাড়ী উপজেলা সদরে মানববন্ধন হয়। বেলা ১১টায় জাতীয় আদিবাসী পরিষদ, জাতীয় মহিলা পরিষদ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বেসরকারি সংস্থা বরেন্দ্র উন্নয়ন ফোরামের উদ্যোগে গোদাগাড়ীতে এবং দুপুরে সান্তাল স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন হয়।রাজশাহীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার গতকাল বিকেলে আত্মহত্যাকারী কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফাদার বার্নাড টুডু, বিশ্বনাথ টুডু, শিষ্টি টুডু, যতীন, মনির মুরমু, রবিন হেমব্রম, বিশ্বনাথ টুডু (২), আমিন মুরমু, পরেশ মুরমু ও শ্যামুয়েল মার্ডি।রাজশাহীর পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত কিশোরীর বাবা চাইলে আদালতে আবেদন করে গণধর্ষণের মামলা পুনরুজ্জীবিত করা যাবে।গোদাগাড়ি উপজেলা সদরে এক ঘণ্টার মানববন্ধন চলাকালে জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি অনিল মারান্ডি, জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী দিল সেতারা, জাতীয় মহিলা পরিষদের রাজশাহী শাখার সভাপতি কল্পনা রায় প্রমুখ বক্তব্য দেন। তাঁরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।সান্তাল স্টুডেন্টস ইউনিয়নের মানববন্ধন চলাকালে বক্তব্য দেন এই সংগঠনের রাজশাহী মহানগর শাখার সভাপতি জোসেফ হাসদা ও বাংলাদেশ আদিবাসী অনলাইন কমিউনিটির সভাপতি সমর সরেন। বক্তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি, কিশোরী সিরাপিনার পরিবারের নিরাপত্তা ও আদিবাসী নারীদের যৌন হয়রানি বন্ধের দাবি জানান। পরে রাজশাহী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখত স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তা পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।গোদাগাড়ি উপজেলার আমতলী গ্রামের আদিবাসী কিশোরী সিরাপিনা মার্ডি (১১) গত বছরের এপ্রিলে গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এ বছরের ১৯ ফেব্রুয়ারি সে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পর দিন তাঁর মৃত্যু হয়।