প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মহননের পথ পরিহার করে নারী নির্যাতন ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ইভ টিজিংয়ের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, শুধু আইন করে নারী নির্যাতন ও ইভ টিজিং বন্ধ করা যাবে না, এ ব্যাপারে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। বেগম রোকেয়া দিবস-২০১০ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালেওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক বিতরণকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ইভ টিজিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে।নারী অধিকার, নারী শিক্ষা, শিশু অধিকার, নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখার জন্য এবার অধ্যাপক মেহের কবীর ও আয়েশা জাফরকে বেগম রোকেয়া পদক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে তাঁদের হাতে পদক তুলে দেন।অধ্যাপক মেহের কবীরের অনুপস্থিতিতে তাঁর স্বামী জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী প্রধানমন্ত্রীর কাছ থেকে পদকটি গ্রহণ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল ইসলাম ও অধ্যাপক কবীর চৌধুরী।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম রোকেয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, নারী নির্যাতন প্রতিরোধের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘যখনই কোনো ভগ্নি মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন, তখনই ধর্মের দোহাই বা শাস্ত্রের বচনরূপ অস্ত্রাঘাতে তাহার মস্তক চূর্ণ হইয়াছে।’ তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত সে অবস্থা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। এখনো ধর্মের দোহাই দিয়ে নারীদের ওপর নির্যাতন করা হয়।’প্রধানমন্ত্রী ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের নারীসমাজের ভূমিকার কথা উলেখ করে বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি তারামন বিবি, কাঁকন বিবি, গুরুদাসীর মতো বীর নারী মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন।’ তিনি বলেন, দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারীসমাজকে বাদ দিয়ে উন্নয়ন কখনোই সম্ভব নয়। বাসস।