আত্মহনন নয়, ইভ টিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মহননের পথ পরিহার করে নারী নির্যাতন ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ইভ টিজিংয়ের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু আইন করে নারী নির্যাতন ও ইভ টিজিং বন্ধ করা যাবে না, এ ব্যাপারে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।বেগম রোকেয়া দিবস ২০১০ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক বিতরণকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ইভ টিজিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। আত্মহনন না করে যারা নির্যাতন করছে, তাদের কীভাবে শাস্তি দেওয়া যায়, সে জন্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি নারী-পুরুষের বৈষম্য বিলোপ এবং নারীর প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে যেসব নারী নিরলস পরিশ্রম করেছেন এবং নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। খবর বাসস ও ইউএনবির।নারী অধিকার, নারীশিক্ষা, শিশু অধিকার ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দুজনকে রোকেয়া পদক দেওয়া হয়েছে। তাঁরা হলেন অধ্যাপক মেহের কবির ও আয়শা জাফর। প্রধানমন্ত্রী পদক হস্তান্তর করেন। তবে অধ্যাপক মেহের কবিরের অনুপস্থিতিতে তাঁর স্বামী জাতীয় অধ্যাপক কবির চৌধুরী স্ত্রীর পক্ষে পদক গ্রহণ করেন।পদক প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল-ইসলাম ও অধ্যাপক কবির চৌধুরী।বেগম রোকেয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, নারী নির্যাতন প্রতিরোধের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘যখনই কোন ভগ্নি মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন, তখনই ধর্মের দোহাই বা শাস্ত্রের বচনরূপ অস্ত্রাঘাতে তাহার মস্তক চূর্ণ হইয়াছে।’ তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত সে অবস্থা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। এখনো ধর্মের দোহাই দিয়ে নারীদের ওপর নির্যাতন করা হয়।’প্রধানমন্ত্রী বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এখন থেকে ১০০ বছর আগেও যখন দেশের নারীসমাজ নানা কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন তিনি নারীকে দেখিয়েছিলেন আলোর পথ। তাঁর লেখা পদ্মরাগ, অবরোধবাসিনী ও মতিচূর গ্রন্থে পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের কথাই তুলে ধরা হয়েছে। শেখ হাসিনা বলেন, নারীর প্রতি অন্যায় ও বৈষম্য দূর করার জন্য সর্বাগ্রে প্রয়োজন তাঁদের অধিকার প্রতিষ্ঠা করা। আর কেবল শিক্ষার মাধ্যমেই তাঁদের এই অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। নারী অধিকার অর্জনে তিনি নারীর অর্থনৈতিক স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করেন।প্রধানমন্ত্রী ভাষা-আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের নারীসমাজের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে পুরুষদের পাশাপাশি তারামন বিবি, কাঁকন বিবি, গুরুদাসীর মতো বীর নারীমুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন।’ তিনি বলেন, দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারীসমাজকে বাদ দিয়ে উন্নয়ন কখনোই সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে সরকারপ্রধান, সংসদ উপনেতা, বিরোধী দলের নেত্রী নারী। আশা করছি, ভবিষ্যতে স্পিকার বা ডেপুটি স্পিকার পদেও নারীদের নিয়োগ দেওয়া সম্ভব হবে।’প্রধানমন্ত্রী বর্তমান সামাজিক অবস্থার কথা উল্লেখ করে বলেন, একদিকে অতি আধুনিকতার নামে একশ্রেণীর নারী পোশাক-পরিচ্ছদ ও চালচলনে তাঁদের আব্রু রাখার প্রয়োজন মনে করেন না। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, শালীনতা বজায় রেখে সব কাজকর্ম করা সম্ভব।’তিনি মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা, সরকারি কর্মকর্তা ও কর্মচারী স্বামীর মৃত্যুর পর মহিলাদের পেনশন পাওয়া সহজ করাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টির কথা উল্লেখ করেন। তিনি বলেন, পুরুষেরাও যাতে বৈষম্যের শিকার না হন, সে জন্য সরকারি কাজে নিয়োজিত কোনো নারী মারা গেলে তাঁর স্বামীর পেনশনের অর্থ পাওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।শেখ হাসিনা নারীদের সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু জাতিকে যে সংবিধান উপহার দিয়েছিলেন, তাতে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা হয়েছিল। বঙ্গবন্ধু নারীদের জন্য অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু, চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ কোটা সংরক্ষণ এবং সংসদে নারীদের ১০ বছরের জন্য ১৫টি আসন রাখার ব্যবস্থা করেছিলেন।শিরীন শারমিন চৌধুরী বলেন, বেগম রোকেয়া একদিন যে স্বপ্ন দেখেছিলেন, তা আজ বাংলাদেশে অনেকটা বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, পদস্থ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন নারী-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।আয়শা জাফর ১৯২৯ সালে রংপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫ সালে জেলার পায়রাবন্দে কবি সুফিয়া কামালের সঙ্গে নারী কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন গড়ে তোলেন। তিনি বেগম রোকেয়ার কয়েকটি গ্রন্থ ইংরেজি ভাষায় অনুবাদ করেন।