মুক্তিযুদ্ধে আমরা যে চারটি স্বপ্নের ওপর ভিত্তি করে অংশ নিয়েছিলাম, তার একটি হলো জাতীয়তাবাদ। সেই জাতীয়তাবাদের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ সাফল্য অর্জন করেছি। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের স্বপ্নের আরও একটি ছিল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা নিয়ে স্বাধীন বাংলাদেশে পরবর্তীকালে নানা ধরনের টানাপোড়েন দেখা গেছে, কিন্তু কখনো গত ৪০ বছরে বাংলাদেশে একেবারে পুরোপুরি সাম্প্রদায়িক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেনি। কিন্তু অপর দুটি স্বপ্ন, গণতন্ত্র ও সমাজতন্ত্র পুরোপুরি বাস্তবায়িত হতে পারেনি। আমরা যে গণতন্ত্র গত ৪০ বছর ধরে লালন-পালন করেছি, সেটি হলো অনুদার গণতন্ত্র। এখানে গণতন্ত্রের যে মূল্যবোধগুলো দরকার, সেগুলো যথাযথভাবে চর্চা করা হচ্ছে না। সেটি না করার কারণে, এর একটি অশুভ প্রভাব প্রশাসনের ওপরও পড়েছে। কারণ, একটি গণতান্ত্রিক দেশের মূল ব্যাপারই হলো, যাঁরা বেশি যোগ্য তাঁরাই গণতান্ত্রিক দেশে রাষ্ট্র পরিচালনা করবেন। এ কাজটি কিন্তু আমরা এখনো পর্যন্ত করতে পারিনি। কীভাবে যোগ্য লোককে চিহ্নিত করতে হবে, সে ধরনের কোনো উদ্যোগও নেওয়া সম্ভব হয়নি।যে ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা ছিল, তার অর্থ হলো, দেশের দারিদ্র্য দূর করা হবে, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। কিন্তু আমরা সমাজতন্ত্রের উদ্দেশ্যের চেয়েও এর কাঠামোর দিকে অধিকতর জোর দিয়েছি। কত বেশি জাতীয়করণ করা হলো, সেভাবে সমাজতন্ত্রকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। মানুষের কতটুকু উপকার হবে, সেই দিক দিয়ে আমরা সমাজতন্ত্রকে দেখতে পারিনি। সে কারণে বাংলাদেশের অর্থনীতিতে সাম্যের সমস্যা অত্যন্ত প্রকট। যদিও সরকারি হিসাবে বলা হচ্ছে, দারিদ্র্যের হার কমে আসছে, কিন্তু এ ব্যাপারে তিনটি কারণে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়ে গেছে। এগুলো হলো: এক. দেশে এখনো অপুষ্টি ও ক্ষুধার হার পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। দ্বিতীয় কারণ হলো, অসাম্যের কারণে দরিদ্রদের আপেক্ষিক অর্থনৈতিক অবস্থা, সেটিও খারাপ হয়ে আসছে। গত ৪০ বছরে আমি যা দেখেছি, তাতে কিন্তু আমি হতাশ নই। বরং অনেকটাই আশাবাদী। কারণ, বাংলাদেশের এই সময়ে অনেক অর্জন আছে, যা ১৯৭১ সালে কেউ ভাবেনি। কেউ ভাবেনি যে বাংলাদেশের জনসংখ্য বৃদ্ধির হার কমানো সম্ভব। কেউ ভাবেনি যে আমরা ৪০ বছরে কৃষি উৎপাদন তিনগুণ করতে পারব। কেউ ভাবেনি যে আমরা আমাদের মাথাপিছু আয়কে দ্বিগুণের চেয়ে বেশি হয়ে যাবে। কেউ ভাবেনি যে বাংলাদেশ বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিয়ে আসতে সক্ষম হবে। আজ আমরা আমদানিতে যে ব্যয় করি, তার মাত্র ছয় শতাংশ বৈদেশিক সাহায্য থেকে আসে। ৯৪ শতাংশ আমদানিই আমরা নিজেদের আয়ে করতে পারছি। এটা কিন্তু বিরাট একটি অর্জন। পাকিস্তানের সঙ্গে যদি আমরা তুলনায় যাই, তাহলে আমরা দেখব, ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত অবিভক্ত পাকিস্তান রাষ্ট্রের যে অর্জন, সেটি বাংলাদেশের গত ৪০ বছরের অর্জনের কাছে কিছুই নয়। এ সময় পাকিস্তানের মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি একবারেই স্থবির ছিল। কিন্তু বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় দুঃখ যেটা, তা হলো, আমরা অসম্ভবকে সম্ভব করেছি, সম্ভবকে করেছি অসম্ভব। সম্ভব যেটা ছিল, তা হলো, একটি সমরূপ জনগোষ্ঠী নিয়ে যে জাতি জন্ম নিয়েছিল, তা ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। অর্থনৈতিক দিক দিয়ে আমরা ছিলাম অত্যন্ত খারাপ পর্যায়ে। অর্থনৈতিক সমস্যার যে একটা সমাধান হবে, সেটা কেউ ভাবছিল না। সে ক্ষেত্রে অসম্ভবকে আমরা সম্ভব করেছি। কিন্তু রাজনৈতিক দিক দিয়ে আমাদের সবাই অত্যন্ত পরিপক্ব জাতি হিসেবে ভাবত। সবাই মনে করত, রাজনৈতিক পরিপক্বতার কারণে আমরা ভবিষ্যতে অনেক সমস্যারই সমাধান করতে পারব। কিন্তু এ জায়গায় আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। এ মুহূর্তে রাজনীতিই আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। রাজনৈতিকভাবে আমরা যেভাবে সংঘাতের দিকে চলেছি, তাতে মনে হয়, আমরা জাতি হিসেবে আত্মহননের দিকে এগিয়ে চলেছি। লজ্জা হয়, যখন দেখি, ব্যর্থ রাষ্ট্রের সম্ভাব্য তালিকায় বাংলাদেশের নাম উঠে আসে। লজ্জা হয়, যখন শুনি, পৃথিবীর ৫ শতাংশ দেশেও বাংলাদেশের মতো রাজনৈতিক সমস্যা, সংঘাত ও অস্থিতিশীলতা নেই। রাজনৈতিক ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, সুশাসনের ক্ষেত্রে আমাদের ব্যর্থতা পর্বতপ্রমাণ। অথচ ১৯৭১ সালে এগুলো তেমন বড় সমস্যা ছিল না। এগুলোর সমাধান সম্ভব। যেগুলো সমাধান সম্ভব, সেগুলোকেই গত ৪০ বছরে আমরা অসম্ভব করে তুলেছি।