আত্মীয়স্বজন দিয়ে ক্যানসার হাসপাতাল চালাচ্ছেন পরিচালক
আত্মীয়স্বজন, ব্যক্তিগত গাড়িচালক ও গৃহকর্মীকে চাকরি দিয়েও ক্ষান্ত হননি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মোল্লা ওবায়দুল্লাহ বাকী। নতুন নিয়োগ দিতে সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপিয়েছেন। তদন্তে নিয়োগ সঠিক হয়নি বলা হলেও স্বাস্থ্য মন্ত্রণালয় তা বাতিল করেনি। হাসপাতালের অর্থ আত্মসাৎ ও সরকারকে ধোঁকা দেওয়ার তথ্য পেয়েছে। তবুও পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। পরিচালকের ছেলে আবু ওবায়েদ মো.শহীদুল্লাহ ক্যানসার ইনস্টিটিউটে হেলথ এডুকেটর পদে চাকরি পেয়েছেন। পরিচালকের ভাইয়ের ছেলে মোল্লা সাইফুল্লাহ, চাচাতো ভাই মোল্লা মিজানুর রহমান, শ্যালকের স্ত্রী শেহেরি আফরোজা, ভায়রার ভাইয়ের ছেলে রিয়াজউদ্দিন প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরি করছেন। পরিচালকের নিজের বাড়ি গোপালগঞ্জের পাইকান্দির ডজনখানেক আয়া, ওয়ার্ডবয়, স্ট্রেচার ও ট্রলি বাহক, ডেটা এন্ট্রি অপারেটর, এমএলএসএস পদে নিয়োগ পেয়েছেন। আবদুর রহিম শেখ আগে ওবায়দুল্লাহ বাকীর ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। এখন সরকারি গাড়িচালক। আবদুর রহমানের বোন নাসরীন বেগম এমএলএসএস পদে চাকরি পেয়েছেন। ওবায়দুল্লাহ বাকী পরিচালক হওয়ার পর এঁরা চাকরি পেয়েছেন। পরিচালক নিজের ছেলের বাড়ির ঠিকানা দিয়েছেন ঢাকার মিরপুরের। মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের নথিপত্র ঘেঁটে দেখা যায়, ২০১০ সালের মার্চে হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া চলছিল। সন্তান বা পোষ্য চাকরির পরীক্ষায় বসলে নিয়োগ কমিটিতে থাকার বিধান নেই। তবে ওবায়দুল্লাহ ছিলেন কমিটির সভাপতি। নিয়োগ প্রক্রিয়া যখন প্রায় চূড়ান্ত, তখন স্বাস্থ্য ও সংস্থাপন মন্ত্রণালয়ের দুই প্রতিনিধিকে তাড়িয়ে দেন পরিচালক। চাকরিপ্রার্থীদের নিজেই নিয়োগপত্র পাঠান।নিয়োগ কমিটির সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি কামরুল ইসলাম তাং ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম লিখিতভাবে অভিযাগ করেন ২৯ এপ্রিল ২০১০। অন্যদিকে রংপুরের মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র দেবনাথ স্বাস্থ্যসচিবকে লেখেন, তাঁর ছেলেকে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় সহকারী হিসাবরক্ষক পদে নিয়োগ না দিয়ে পরিচালক নিজের ভাতিজাকে চাকরি দিয়েছেন।এসব অভিযোগ তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি মন্তব্য করে, নিয়োগে কোটা পদ্ধতি মানা হয়নি। হাসপাতালের একাধিক সূত্র জানায়, পরিচালক আত্মীয়স্বজনদের হাসপাতালের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন। প্রতিদিন গাড়িচালক ও তাঁর বোন পরিচালকের সঙ্গে ইনস্টিটিউটে আসেন, ছুটির পর পরিচালকের গাড়িতে করে বাসায় ফিরে ঘরের কাজ-কর্ম করেন। অন্যদিকে পরিচালকের নিয়োগ নিয়েই প্রশ্ন আছে। পরিচালকের পদটি অধ্যাপকের। ইনস্টিটিউটে অধ্যাপক আছেন পাঁচজন। তাঁদের ডিঙিয়ে সহযোগী অধ্যাপক মোল্লা ওবায়দুল্লাহ বাকীকে পরিচালক পদে বসানো হয় ২০০৯ সালের আগস্টে। সম্প্রতি পরিচালক নয় কোটি টাকা ব্যয়ে টিউমার অপসারণ করার আধুনিক যন্ত্র কিনেছেন। নিয়ম অনুযায়ী যন্ত্র কেনার আগে তা রাখার জন্য বাংকার তৈরি করার কথা। বাংকার তৈরি না করেও পরিচালক মন্ত্রণালয়কে বাংকার আছে বালে জানান। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়। কমিটি গরমিল ধরে ফেলে। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০১০ সালে ইউজার ফি বাবদ এক কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা রোগীদের কাছ থেকে নেওয়া হয়। ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়নি। অর্থ আত্মসাতের অভিযোগে ক্যাশিয়ার আবদুস সালামকে জেল খাটতে হয়। চতুর্থ শ্রেণীর কর্মচারী আবদুস সালামকে তৃতীয় শ্রেণীর পদে বসিয়েছিলেন বর্তমান পরিচালক।সরকারি হাসপাতালে বিনা মূল্যে ওষুধ পেতে জনপ্রতিনিধির সনদের দরকার হয় না। তবে ক্যানসার হাসপাতালে এই নিয়ম চালু করেছেন ওবায়েদুল্লাহ বাকী। বিনা মূল্যে ওষুধ পাওয়ার জন্য দরখাস্ত করে রোগীকে সাত থেকে ১০ দিন অপেক্ষা করতে হয়। অভিযোগ সম্পর্কে ওবায়দুল্লাহ বাকীর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত সহকারী একাধিকবার প্রথম আলোকে বলেন, পরিচালকের সঙ্গে দেখা করতে মন্ত্রণালয়ের লিখিত অনুমতি লাগবে। সারা দিন বসে থেকে লাভ হবে না।