আত্রাইয়ে ছয় খুনের মামলায় ৪৬ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলায় ছয় খুনের মামলায় গতকাল বুধবার ৪৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেকের ৩০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ৪৬ জনের মধ্যে ২৮ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি ১৮ জন পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত সবাই চরমপন্থী দলের সদস্য বলে জানা গেছে।মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৪ এপ্রিল উপজেলার নৈদিঘী গ্রামের জাহাঙ্গীর হোসেন, শুকবর মেম্বার ও তার ভাই আবদুল জব্বার, শাহাজাহান, মোজাম্মেল হক ও তাঁর ভাই বিদ্যুৎকে গলা কেটে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লালপতাকা) সদস্য বলে পরিচিত। ঘটনার পরদিন নিহত জাহাঙ্গীরের বাবা সাদিয়ার রহমান থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত শেষে ৬২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।