আত্রাইয়ে বেদখল হয়ে যাচ্ছে ৫০ কোটি টাকার সরকারি সম্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত আত্রাই উপজেলার বিখ্যাত পাট ব্যবসাকেন্দ্র র‌্যালি ব্রাদার্স অ্যান্ড কোম্পানি লিমিটেডের বেশির ভাগ জায়গা অবৈধ দখলে চলে গেছে। এখানকার কোটি কোটি টাকা মূল্যের সম্পদ চুরি হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। বাংলাদেশ পাট করপোরেশন ও বাংলাদেশ রেলওয়ে উভয়েই প্রতিষ্ঠানটির প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি নিজেদের বলে দাবি করছে। পাট করপোরেশন সূত্র জানায়, প্রতিষ্ঠানটি ১৬ দশমিক ৬২ একর জমির ওপর স্থাপিত। পরবর্তী সময় এর মধ্যে সরকারি খাদ্য গুদাম নির্মিত হয়েছে তিন দশমিক ৫০ একর জমিতে। র‌্যালি ব্রাদার্সের আঙিনায় রয়েছে বিশাল টিনের গুদাম। একটি ইট দিয়ে তৈরি অফিস ও ইংরেজ সাহেবদের ব্যবহূত সুদৃশ্য ডাকবাংলো। এ সবের প্রায় সব চলে গেছে বেদখলে। স্থানীয় প্রভাবশালীরা নিজেদের খেয়ালখুশি মতো দোকানপাট, কলকারখানা ও পাকা বাড়িঘর নির্মাণ করেছে। অনেকে আবার জমি দখল করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করছে। র‌্যালি ব্রাদার্সের সরকারি সম্পত্তি অবৈধ দখল সংক্রান্ত বিষয়ে ২০০১ সালে তৎকালীন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সাংসদ আলমগীর কবিরের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পাট করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ হোসেন একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এই প্রতিবেদনে বলা হয়, বরাদ্দপ্রাপ্ত প্রায় সবাই মূল বরাদ্দের অতিরিক্ত জমি দখল, অবৈধভাবে স্থাপনা নির্মাণ, ভাড়া পরিশোধে ব্যর্থতা এবং মেয়াদান্তে লিজ নবায়ন না করায় বৈধতার মর্যাদা হারিয়েছে। এসব দোকানপাটের দখলি স্বত্ব প্রচুর অর্থের বিনিময়ে একাধিকবার হাত বদল হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, র‌্যালি ব্রাদার্সের কয়েকটি টিনের গুদাম ব্যবহারকারী প্রতিষ্ঠান যশোর জুট ইন্ডাস্ট্রিজ অবৈধ দখলদারদের দাপটে কোণঠাসা হয়ে পড়েছে। দখলদারদের বিরুদ্ধে থানায় জিডি করলে যশোর জুট ইন্ডাস্ট্রিজের স্থানীয় কর্মকর্তা তাঁদের হাতে নাজেহাল পর্যন্ত হন। খোঁজ নিয়ে জানা যায়, বিট্রিশরা এ দেশ থেকে চলে যাওয়ার পররপই র‌্যালি ব্রাদার্সের মালিকেরাও তাঁদের ব্যবসা গুটিয়ে চলে যান। দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানটি অবহেলায় পড়ে থাকার পর ১৯৭৭ সালে তা বাংলাদেশ পাট করপোরেশনের আওতায় আসে বলে করপোরেশন কর্তৃপক্ষের দাবি। এদিকে যুগযুগ ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির প্রতি নজর না দেওয়ায় ফাঁকা জায়গাগুলো অবৈধ দখলে চলে যাচ্ছে এবং প্রতিষ্ঠানটির অভ্যন্তরের মালামাল এক গুদাম থেকে আরেক গুদামে আনা-নেওয়ার জন্য রেল যোগাযোগ ছিল। সরেজমিনে দেখা গেছে, ওই মূল্যবান রেল লাইনগুলোর সবই চুরি হয়ে গেছে। বিশাল বিশাল গুদামের টিনও চুরি হয়ে যাচ্ছে।স্থানীয় ব্যবসায়ী ও একজন দখলদার আবদুস সোবহান বলেন, ‘র‌্যালি ব্রাদার্সের জায়গা অনেক আগে লিজ নিয়ে ছিলাম, এ লিজের মেয়াদ শেষ হয়ে গেছে। সবাই যেভাবে আছে আমিও সেভাবে আছি।’ অন্য ব্যবসায়ী মো. পায়েল, মোনাক্কা, রাজ্জাক ও সিরাজুল ইসলাম জানান, তাঁরাও অনেক আগে লিজ নিয়েছিলেন। লিজের মেয়াদ শেষ হয়ে গেছে। র‌্যালি ব্রাদার্সের সম্পত্তির মালিক হিসেবে দাবি করছে বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ জুট করপোরেশন। এই দুই মালিকের দ্বন্দ্বে পড়ে তাঁরা আর লিজ নবায়ন করতে পারেননি বলে জানান ব্যবসায়ীরা। র‌্যালি ব্রাদার্সের আঙিনায় বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন শফিকুল ইসলাম, মোফাজ্জল ইসলাম, মো. মোনাক্কা, মো. আবদুর রাজ্জাক প্রমুখ। আবদুর রাজ্জাক বলেন, ‘জায়গাগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা বাড়ি নির্মাণ করে বসবাস করছি। এখন পর্যন্ত কেউ কোনো বাধা দেয়নি। সরকার লিজ-পদ্ধতি চালু করলে আমরা লিজ নিয়ে বৈধভাবে বসবাস করব।’আত্রাই উপজেলার পাচুপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ময়েন উদ্দিন আহম্মেদ বলেন, ‘র‌্যালি ব্রাদার্স আমাদের আত্রাইয়ের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ ভাবে যদি এর জায়গাগুলো অবৈধ দখলদারদের কবলে চলে যায় তাহলে ভবিষ্যতে আমরা ঐতিহ্য হারিয়ে ফেলব। তাই এখন থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা উচিত।’ আহসানগঞ্জ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম বলেন, ‘দখলদারেরা একের পর এক র‌্যালি ব্রাদার্সের জায়গা বাধাহীনভাবে দখল করে চলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নিশ্চুপ রয়েছেন। তাঁরা দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না।’ উপজেলা চেয়ারম্যান মো. এবাদুর রহমান বলেন, ‘উন্নয়ন ও জনগণের স্বার্থে অবৈধ দখল উচ্ছেদ করে এখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা দরকার।’আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সোবহান বলেন, ‘নওগাঁ জেলা প্রশাসক একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে র‌্যালি ব্রাদার্সের অবৈধ স্থাপনা উচ্ছেদের লিখিত নির্দেশ দিয়েছেন। কিন্তু পাট কর্পোরেশন কর্তৃপক্ষের অসহযোগিতার ফলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা যাচ্ছে না।’রেলওয়ে পশ্চিম জোনের বিভাগীয় এস্টেট অফিসার কিরণ চন্দ্র রায় বলেন, ‘র‌্যালি ব্রাদার্সের সম্পত্তি ১৯৪০ সালে এসএ রেকর্ডে রেলের নামে আছে। ১৯৬৫ সালের আরএস রেকর্ডেও রেলের নামে আছে। কতগুলো অবৈধ স্থাপনা ওখানে আছে, তার সঠিক হিসাব এখনো পাইনি। সঠিক হিসাব পেলে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা নেব।’ বাংলাদেশ পাট করপোরেশনের সচিব সৈয়দ মো. নাঈম বলেন, ‘প্রায় ৫০ কোটি টাকা মূল্যের র‌্যালি ব্রাদার্সের পুরো সম্পত্তি পাট করপোরেশনের দখলে আছে। রেলের জমি হয়ে থাকলে রেল বিভাগ দখলে নিক। ভুলক্রমে জমিটি রেলের নামে রেকর্ড হয়েছে। আমরা রেকর্ড সংশোধনী মামলা করেছি। অবৈধ স্থাপনার ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ র‌্যালি ব্রাদার্সের অবৈধ স্থাপনা উচ্ছেদে অসহযোগিতার কথা অস্বীকার করে তিনি আরও বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয় প্রশাসন সহযোগিতা চাইলে আমরা অবশ্যই সহযোগিতা করব।’ নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সাংসদ মো. ইসরাফিল আলম বলেন, ‘প্রতিষ্ঠানটির সম্পত্তি ও পরিত্যক্ত পাট গুদাম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের দায়িত্বশীল পদক্ষেপ অতীতে ছিল না, এখনো নেই। আমি মনে করি, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই পদক্ষেপ নেওয়া উচিত।