আদভানির দুর্নীতিবিরোধী কর্মসূচি সমর্থন করি না: আন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিরোধী আমরণ অনশন করে আলোচনায় এসেছেন ভারতের সমাজকর্মী আন্না হাজারে। ইতিমধ্যে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। কিন্তু সেই আন্নাই বললেন, দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এল কে আদভানির ডাকা রথযাত্রাকে তিনি সমর্থন করেন না। জবাবে বিজেপিও বলেছে, হাজারের সমর্থন তাদের কোনো প্রয়োজন নেই।এনডিটিভির সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি আদভানির যাত্রাকে সমর্থন করি না। বিজেপি দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে চাইলে প্রথমে তাদের রাজ্যগুলোতে লোকায়ুক্ত (ন্যায়পাল) নিয়োগ করতে হবে।’জবাবে বিজেপি বলেছে, ‘আন্না হাজারে একজন পরিচিত ও সম্মানিত সমাজকর্মী। রথযাত্রার ব্যাপারে তিনি তাঁর নিজস্ব মতামত দিতেই পারেন। জনগণ রথযাত্রাকে সমর্থন করবে, নাকি করবে না, সেটাও তাদের নিজস্ব স্বাধীনতা। তবে আমরা আন্নার সমর্থন চাই না।’ওই সাক্ষাত্কারে আন্না আরও বলেছেন, ‘এ মুহূর্তে ভারতের দরকার স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব। কংগ্রেস বা বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও সমর্থন করা উচিত। আমি সমমনা রাজনৈতিক দল, স্বচ্ছ ভাবমূর্তির কোনো ব্যক্তিকে সমর্থন করতে চাই। কিন্তু বিজেপি বা কংগ্রেসকে নয়।’গত মাসে দুর্নীতির বিরুদ্ধে কঠোর লোকপাল বিল পাসের দাবিতে নয়াদিল্লিতে ১২ দিন অনশন পালন করেন আন্না। ওই সময় বিজেপি আন্নাকে প্রকাশ্যে সমর্থন জানায়। এখন অবশ্য বিজেপির মুখপাত্র প্রকাশ জাভাদেকার বলছেন, ‘প্রতিটি বিষয়ে আমাদের (বিজেপি ও আন্না) একমত হওয়ার দরকার নেই। হাজারে আমাদের রথযাত্রায় সমর্থন না করলেও বহু লোক আমাদের সমর্থন জানিয়ে এতে যোগ দিচ্ছে।’