আদমদীঘি থেকে ভারতে পাচার হচ্ছে রেণুপোনা ও মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি থেকে প্রতি রাতে ভারতে পাচার হয়ে যাচ্ছে অন্তত ১০ থেকে ১৫ ট্রাক পাঙ্গাশ ও কই মাছের বিভিন্ন প্রজাতির রেণুপোনা ও বড় মাছ। একসময় এখানকার রেণুপোনার ব্যবসায়ীরা সীমিত পরিমাণে রেণুপোনা ভারত সীমান্তে পৌঁছে দিলেও এখন ভারত থেকে সরাসরি ভারতীয় মাছ ব্যবসায়ীরা আসছেন আদমদীঘিতে এসব মাছ নিতে।জানা গেছে, এক মাস থেকে ভারতীয় নাগরিকেরা অবৈধভাবে চলে আসছে সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত বগুড়ার সান্তাহার-আদমদীঘিতে। তারা রেণুপোনা মাছের বেপারি বা দালালদের আশ্রয়ে এবং বিভিন্ন আবাসিক হোটেলে থেকে রেণুপোনা ও মাছ কিনে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের হিলির আটাপাড়া, নওগাঁর বস্তাবর ও রাজশাহীর পদ্মা সীমান্ত দিয়ে এই পাচার কার্যক্রম চলছে বলে জানা গেছে।মাছের ডিম ও রেণুপোনা উৎপাদনের ক্ষেত্রে উত্তরাঞ্চলের মৎস্যভান্ডার হিসেবে খ্যাতি অর্জন করা উপজেলার নাম বগুড়ার আদমদীঘি। দেশের মোট চাহিদার প্রায় ৩৫ থেকে ৪০ ভাগ পূরণ করে থাকে আদমদীঘিতে উৎপাদিত রেণুপোনা। এক পরিসংখ্যানে জানা গেছে, সান্তাহারসহ আদমদীঘি উপজেলায় ছোট-বড় মিলে কৃত্রিম মৎস্য প্রজনন হ্যাচারি রয়েছে প্রায় অর্ধশত। অভিযোগে জানা গেছে, ভারতীয় ব্যবসায়ীরা এসে সান্তাহার-আদমদীঘি ও পাশের রানীনগর উপজেলার পারইল ও বিশিয়া এলাকার দালালদের আশ্রয়ে চলে যায়। এরপর দালালেরা সারা দিন ধরে নার্সারি মালিকদের কাছ থেকে রেণুপোনা কিনে এনে আদমদীঘি রেলস্টেশনের পাশে গৌরকুণ্ডু, মাসুদ ও বুলবুল, আদমদীঘি হাসপাতালের পাশে অবস্থিত সাত্তার মেম্বার, আদমদীঘি থানার পাশে মাঝিপাড়ার জাহাঙ্গীর, রুঞ্জু ও মুক্তার এবং আদমদীঘির মুরইল বন্দরের সিদ্দিকের খামারের হাউসে মজুদ করে। সেখান থেকে গভীর রাতে ট্রাকে করে সীমান্তের উদ্দেশে যাত্রা করে। এর আগে দালালেরা পুলিশ ছাড়াও অন্যদের নজরানা মিটিয়ে ফেলে বলে অনুসন্ধানে জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় বাজারে এক মাস আগেও প্রতি লাখ পাঙ্গাশের রেণুপোনার দাম ছিল ২০ থেকে ২৫ হাজার টাকা। কিন্তু ভারতীয়রা আসার পর দাম এক লাফে দ্বিগুণেরও বেশি হয়েছে। বর্তমানে প্রতি লাখ পোনা ৬০ থেকে ৬৫ হাজার টাকায় কেনাবেচা হচ্ছে। ফলে দেশীয় মাছচাষিরা প্রতিযোগিতায় টিকতে পারছেন না। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলামের সঙ্গে আলাপকালে তিনি রেণুপোনা ও বড় আকারের মাছ ভারতে পাচার হওয়ার কথা স্বীকার করে দ্রুত মাছ পাচার বন্ধ করে বৈধপথে মাছ রপ্তানির ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান। এ বিষয়ে বগুড়া জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুুল মহিত তালুকদারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চোরাইপথে বেশি দামে ব্যবসা করেন হাতে গোনা ব্যবসায়ীরা সাময়িকভাবে লাভবান হলেও ক্ষতিগস্ত হচ্ছে সারা দেশের মানুষ।সান্তাহার-আদমদীঘি ও পাশের রানীনগর উপজেলার পারইল-বিশিয়ার মাছ পাচারকারী হিসেবে পরিচিত আদমদীঘি সদরের ইসলাম, চঞ্চল, বিপুল, শীতলচন্দ্র, কানাইচন্দ্র, শৌভাগ্য ও সুধা, সান্তাহারের মহাতাব, আদমদীঘির ময়ূর কাশিমালার কুদ্দুস ও বিশিয়ার ওয়াহেদ ও সহদেবচন্দ্রসহ আরও অনেকের সঙ্গে আলাপকালে তারা বেশ গর্বের সঙ্গে এই ব্যবসা ও ভারতীয় ব্যবসায়ীদের আশ্রয় দেওয়া ও তাদের দালালি করার কথা স্বীকার করেন। তাঁরা জানান, বেশি লাভ পাচ্ছেন তাই ভারতীয় ব্যবসায়ীদের সহযোগিতা করছেন। এতে করে দেশের নিরাপত্তা ও সব মানুষের ক্ষতির বিষয়টি তাঁদের বোঝার কথা নয়। এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হকের সঙ্গে আলাপ করলে তিনি রেণুপোনা পাচারের ঘটনা জানেন না এবং এর সঙ্গে পুলিশের জড়িত থাকার কথা অস্বীকার করেন।আদমদীঘি উপজেলা মৎস্য কর্মকর্তা অদ্বৈতচন্দ্র দাস ভারতে মাছ পাচারের বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে বলেন, মাছ ভারতে যাওয়ার জন্য স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন, সেটি বৈধ বা অবৈধ যে পথেই হোক। আর এ বিষয়টি সরকারের সব মহলের জানা।