আদমদীঘিতে কুয়াশায় আলু ও বোরো বীজতলার ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা আর তীব্র শীতে বগুড়ার আদমদীঘিসহ আশপাশ এলাকায় শীতকালীন সবজি ও ইরি-বোরো বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। শাকসবজি খেতে মড়ক ধরায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন। বিশেষ করে আলুর খেত নিয়ে কৃষকেরা বেশি চিন্তিত। আলুর গাছে ব্যাপক হারে ক্ষত ও পাতাপচা রোগ দেখা দিয়েছে। বাজার থেকে কেনা ওষুধ ও কীটনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না। গত বছর আলুর ফলন ভালো হয়নি। এ জন্য আলুচাষিদের মোটা অঙ্কের লোকসান গুনতে হয়েছে। চলতি মৌসুমে উত্তরের অন্যন্যা জেলার মতো আদমদীঘি উপজেলার চাষিরাও আগাম জাতের আমন ধান কেটে শুরু করেন আলুর চাষ। মৌসুমের শুরুতেই আলুবীজের চরম সংকট দেখা দিলেও চাষিরা বিভিন্ন উপায়ে চড়া দামে বীজ সংগ্রহ করে আলু খেত তৈরি করেন। অল্প দিনের মধ্যেই সবুজে ভরে উঠে আলুখেত। কিন্তু বিরূপ আবহাওয়ায় মাত্র কয়েক দিনের ব্যবধানে সবুজ আলুখেতগুলো বিবর্ণ হতে শুরু করায় চাষিরা হতাশ হয়ে পড়েছেন। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় চার হাজার ২০০ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে। যা গত বছরের চেয়ে প্রায় ৫০০ হেক্টর বেশি। উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল গত বছরের চেয়ে প্রায় ৫০ হাজার টন বেশি। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে উত্পাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে আমন ধান কাটা-মাড়াই শেষে ইরি-বোরো আবাদের ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এলাকার কৃষকেরা। উপজেলায় এবার ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি বিভাগ বলেছে, কোল্ড ইনজুরিজনিত কারণে আলুখেত এবং ইরি-বোরোর চারায় মড়ক ধরেছে। কীটনাশক প্রয়োগ করে কোনো ফল পাওয়া যাবে না। আবহাওয়া পরিবর্তন হলে প্রাকৃতিকভাবেই এ সমস্যা দূর হবে।