আদমদীঘিতে চলছে ব্যাটারির টমটম
টগবগ করে ছুটে চলা তিন চাকার ঘোড়াচালিত টমটমের বিলুপ্তি ঘটেছে অনেক আগেই। একসময়ের দ্রুতগতির বাহন ঘোড়াচালিত টমটম এখন জাদুঘরের মডেল। অনেক দিন পর সেই টমটমের বিকল্প হিসেবে এসেছে চীনের তৈরি ‘টমটম’। সেই তিন চাকা আর এক চালক। কিন্তু নেই শুধু চালিকাশক্তি হিসেবে ব্যবহূত ঘোড়া। ঘোড়ার জায়গা দখল করেছে ব্যাটারি।‘ওয়ান টাইম’ চায়নার তৈরি ব্যাটারিচালিত টমটম (অটোরিকশা) সান্তাহারসহ আদমদীঘি উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বেকারত্ব ঘুচেছে প্রায় শতাধিক বেকারের। এই যানবাহন চালিয়ে তারা এখন সাবলম্বী। সান্তাহার ও পাশের নওগাঁ শহরে চলাচলকারী টমটমের প্রথম চালক সান্তাহার শহরের নতুন বাজার এলাকার আয়েজ উদ্দিন বলেন, ‘এই গাড়িটি চলতে কোনো জ্বালানি তেলের প্রয়োজন হয় না। তাই কালো ধুঁয়াও নির্গত হয় না। ফলে শতভাগ পরিবেশবান্ধব।’ গাড়িটি পরিবেশবান্ধব হওয়ায় যাত্রীরাও এতে ভ্রমণ করতে বেশ পছন্দ করে। শহরের টমটমচালকেরা জানান, বর্তমানে শুধু সান্তাহার শহরে ৬০ থেকে ৬৫টি টমটম গাড়ি চলাচল করে। সুলভ ভাড়া আর অল্প সময়ে পরিবহনসেবা পাওয়ায় এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। টমটমচালকেরা আরও জানান, পরিবহনটি শহরে জনপ্রিয় হয়ে উঠলেও সান্তাহারের বেবিট্যাক্সিচালকেরা তাদের ভালো চোখে দেখে না। তারা প্রায়ই ঝগড়া বাধায়। রোড় পারমিট না থাকার কারণে চলাচলে বাধা দেয়। ইতিমধ্যে কয়েক দফা মারপিটের ঘটনাও ঘটেছে। পরিবেশ ও শব্দ দূষণকারী বেবিট্যাক্সিচালক-মালিকদের প্রতিরোধ এবং নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সংরক্ষণ করার জন্য সান্তাহার ব্যাটারিচালিত রিকশাচালক সমিতি গঠন করা হয়েছে।এ ব্যাপারে সান্তাহার পৌর মেয়র ফিরোজ মো. কামরুল হাসান বলেন, পৌরসভার পক্ষ থেকে পরিবহনটিকে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সান্তাহার রেলওয়ে বুকিং অফিসের পূর্ব পাশে তাদের স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। তিনি অগ্রাধিকার ভিত্তিতে টমটমচালকদের সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন।