আদমদীঘিতে নন-ক্যাডার চিকিৎসকেরা উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে যান না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডহক ভিত্তিতে বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য বিভাগের নিয়োগ পাওয়া চিকিৎসকেরা উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে তাঁদের দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসকেরা উপস্বাস্থ্যকেন্দ্রে না যাওয়ায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নে বিক্ষোভ করেছে স্থানীয় জনগণ। সদ্য নিয়োগ পাওয়া এসব চিকিৎসক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছেন বলে জানা গেছে।সম্প্রতি আদমদীঘিসহ সারা দেশে চিকিৎসক-স্বল্পতার কারণে সরকার এডহক ভিত্তিতে এ সব নন-ক্যাডার চিকিৎসক নিয়োগ দেয়। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ নিয়োগের উদ্দেশ্য। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য বিভাগ সাতজন চিকিৎসককে এখানকার উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে পোস্টিং দেয়। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, তাঁরা কেউ উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন না। জানা যায়, এসব চিকিৎসকদের মধ্যে সঞ্জয় কুমার ঘোষকে ছাতিয়ানগ্রাম উপস্বাস্থ্যকেন্দ্রে, শবনম সুলতানকে কাঞ্চনপুরে, ফাতেমা ফেরদৌসীকে সান্তাহার পৌর উপস্বাস্থ্যকেন্দ্রে, সায়মা জাহানকে আদমদীঘি সদরে, সাবিনা নওরীনকে সান্তাহার বেসরকারি রেজি. হাসপাতালে, মো. নুরুল ইসলামকে মুরইলে, ইসরাত জাহানকে সান্তাহার উপস্বাস্থ্যকেন্দ্রে পোস্টিং দেওয়া হয়েছে। সরেজমিনে উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে, এডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া এই চিকিৎসকেরা কেউই তাঁদের কর্মস্থলে নেই। চিকিৎসকদের নির্দিষ্ট কক্ষ ঝেড়ে মুছে, চেয়ার-টেবিল সাজিয়ে রাখা হয়েছে। কিন্তু কক্ষগুলো খালি পড়ে আছে। উপজেলার চাঁপাপুর বাজারের ব্যবসায়ী অমল কুমার জানান, দীর্ঘদিন থেকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই। নতুন করে আবার এখানে চিকিৎসক আসার খবরে এলাকাবাসী খুশি হয়েছিল। কিন্তু চিকিৎসক স্বাস্থ্যকেন্দ্রে না আসায় তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। চিকিৎসকেরা স্বাস্থ্যকেন্দ্রে যোগদান না করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নবাসী। ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘অবিলম্বে ডাক্তাররা স্বাস্থ্যকেন্দ্রে যোগদান না করলে জনগণকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।’এদিকে চিকিৎসকদের উপস্বাস্থ্যকেন্দ্রে যোগদান না করার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদিউজ্জামান জানান, ১ জুলাই থেকে নতুন চিকিৎসকেরা আদমদীঘিতে যোগদান করলেও বিভিন্ন প্রশিক্ষণের কারণে তাঁরা কর্মস্থলে যেতে পারেননি। তবে কতজন চিকিৎসক প্রশিক্ষণে আছেন জানতে চাইলে বদিউজ্জামান কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি আরও জানান, চিকিৎসকসংকট থাকায় কয়েকজন চিকিৎসককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।