আদমদীঘিতে পিরানহা চাষ ও বাজারজাত চলছেই
সরকারিভাবে চাষ নিষিদ্ধ এবং দেশীয় মাছের জন্য ক্ষতিকর রাক্ষুসে পিরানহা মাছের ডিম উৎপাদন ও চাষ অব্যাহত রয়েছে আদমদীঘিতে। অধিক মুনাফার লোভে মৎস্য বিভাগ ও পুলিশের যোগসাজশে এ মাছ চাষ ও বাজারজাতকরণ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সান্তাহারসহ আদমদীঘি উপজেলার অধিকাংশ মৎস্য হ্যাচারিতে রূপচাঁদা নামের আড়ালে পিরানহা মাছের ডিম উৎপাদন এবং চাষ চলছে। দ্রুত বর্ধনশীল ও অধিক মুনাফা পাওয়ায় মাছচাষিরা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এ মাছ চাষের দিকে ঝুঁকে পড়েছে। সান্তাহার মৎস্য হ্যাচারির মালিক রেজাউল ইসলাম খান বলেন, বর্তমানে দেশে উৎপাদিত পিরানহা মাছ তেমন ক্ষতিকর নয়। তাই এ মাছ চাষের ওপর থেকে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া উচিত।এদিকে রক্তদহ বিল এলাকার জেলে অনুকূল হালদার বলেন, ‘খালি পকেরাত লয় (শুধু পুকুরে নয়), গত বর্ষাত বিলতও বড় আকারের অনেক চান্দা (পিরানহা) পাওয়া গেছেলা। এবারেও খাল-বিলত চান্দা দেকা যাত্তে।’ তবে খাল-বিলে কোথা থেকে পিরানহা এল তা তিনি জানাতে পারেননি। খোঁজ নিয়ে জানা গেছে, আদমদীঘি সদরসহ সান্তাহার স্টেশনের পাশের কয়েকটি আড়ত থেকে প্রতিদিন বাক্সভর্তি পিরানহা মাছ নওগাঁ, জয়পুরহাটের আটাপাড়া ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে যায়। এ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বড় মোকামগুলোতেও রূপচাঁদা হিসেবে এ মাছ বাজারজাত করা হচ্ছে। অভিযোগ রয়েছে, হ্যাচারির মালিক, উপজেলা মৎস্য বিভাগ ও স্থানীয় পুলিশ প্রশাসনের যোগসাজশে এলাকায় নিষিদ্ধ পিরানহা মাছ উৎপাদন, চাষ, বাজারজাত এবং ভারতে পাচার চলছে। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা অদ্বৈত চন্দ্র দাস বলেন, যদি কেউ এ মাছ চাষ করে তাহলে তা করছে অত্যন্ত গোপনে। অপর দিকে হ্যাচারি মালিক ও মাছচাষিদের সঙ্গে মৎস্য বিভাগ ও পুলিশের অলিখিত মাসোহারা চুক্তির কথাটি মাছচাষি ও ব্যবসায়ীদের মুখে মুখে শোনা গেলেও আদমদীঘি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, পিরানহা মাছের চাষ ও বাজারজাত করার বিষয়টি তাঁর জানা নেই। আর এ মাছ উৎপাদন ও চাষ বন্ধের দায়িত্ব পুলিশের নয়, উপজেলা মৎস্য বিভাগের।