আদমদীঘিতে সওজের জায়গা দখল
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-বগুড়া মহাসড়কের দুই পাশের জায়গা দখলের যেন হিড়িক পড়েছে। ঝুঁকিপূর্ণ এসব জায়গা সড়ক ও জনপথ বিভাগের। কোনো বাধা না থাকায় বেপরোয়া দখলবাজি চলছেই।সরেজমিনে দেখা গেছে, একমাত্র আদমদীঘি উপজেলা সদরেই মহাসড়কটির দুই পাশের জায়গা দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা। এ ছাড়া সান্তাহার পৌর এলাকা, নশরৎপুর ও মুরুইল বাজারেও গড়ে উঠেছে শত শত দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান। রাস্তার পাশের ঝুঁকিপূর্ণ জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। জানা গেছে, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বর্তমান রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর দখলদারেরা আবার বেপরোয়া হয়ে উঠেছে। শুরু হয় দখলের প্রতিযোগিতা।উপজেলা সদরের বাসিন্দা মাহমুদ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ দখলদারির বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে মামলা করেছিল সওজ বিভাগ। কিন্তু বর্তমানে সওজের কোনো তৎপরতা না থাকায় অবৈধ দখল বেড়ে গেছে বহুগুণ। সান্তাহার শহরের পোঁওতা গ্রামের মনসুর আলী বলেন, মানুষ একটু সুযোগ পেলে কোনো নিয়মকানুন মানতে চায় না। রাস্তার পাশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গাতেও তারা দোকানপাট, ঘরবাড়ি তৈরি করছে। অথচ কেউ মানতে চাইছে না, এ জায়গা তাদের নয় এবং এ জায়গাতে কিছু নির্মাণ করা ঠিক না। আদমদীঘি বাজার এলাকার অবৈধ দখলদার আসলাম হোসেন বলেন, ‘সবাই জায়গা দখল করে ঘর করছে। তাই আমিও করছি। সবার ভেঙে দিলে আমিও চলে যাব।’ মুরুইল বাজারের দোকানদার আবদুর রহিম বলেন, ‘আমি মাত্র একটা দোকানের জায়গা দখল করে ব্যবসা করে খাচ্ছি। যারা বেশি জায়গা দখল করে ঘর বানিয়ে ভাড়া দিচ্ছে, তাদের আগে উচ্ছেদ করা হোক।’ বগুড়া-সান্তাহার রুটের বাসচালক ইমতিয়াজ আলী বলেন, যেভাবে রাস্তার দুই পাশের জায়গা দখল করে দোকানপাঠ গড়ে উঠছে, তাতে করে গাড়ি চালানো খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এ বিষয়ে বগুড়া সওজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল চন্দ্র জানান, বিভিন্ন জায়গা নতুন করে দখল হয়ে যাওয়ার সংবাদ তারা পেয়েছেন। কিন্তু প্রয়োজনীয় লোকবলের অভাবে উচ্ছেদ অভিযান শুরু করা যাচ্ছে না। তবে তিনি বলেন, অচিরেই বগুড়া-সান্তাহার সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হবে।