আদমদীঘির হাটগুলোতে অতিরিক্ত টোল আদায়
বগুড়ার আদমদীঘি উপজেলার হাটগুলোতে ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদারদের নিয়োজিত লোকজনের সঙ্গে ক্রেতাদের বাগিবতণ্ডাসহ হাতাহাতির ঘটনাও ঘটেছে। উপজেলার সান্তাহার, রাধাকান্ত, আদমদীঘি, নসরতপুর, চাঁপাপুরসহ অন্যান্য হাট থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি হারে টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ পাওয়া গেছে, সরকারিভাবে প্রতিটি গরু ও মহিষের জন্য ১৫০ টাকা এবং ছাগল ও ভেড়ার জন্য সর্বোচ্চ ৫০ টাকা হারে টোল নির্ধারণ করা থাকলেও হাটবিশেষে গরুপ্রতি ২০০ এবং ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ২০০ থেকে ২৫০ টাকা করে আদায় করা হচ্ছে। বেশ কয়েকজন গরু ক্রেতা জানান, তাঁদের কাছ থেকেও গরুপ্রতি ১৮০ থেকে ২০০ টাকা করে টোল নেওয়া হয়েছে। এদিকে ইজারাদারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো হাটেই তাদের দেখা যায়নি। সব হাটে ইজারাদারদের নিয়োজিত লোকদের টোল আদায় করতে দেখা গেছে। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ইজারাদারদের ফোনগুলো বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম খান জানান, এ বিষয়ে কেউ তাঁর কাছে অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।