আদমদীঘির হাটবাজারে অবাধে জাটকা বেচাকেনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ২১ মার্চ থেকে ‘জাটকাসংরক্ষণ’ সপ্তাহ শুরু হলেও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহর, উপজেলা সদর ও উপজেলার বিভিন্ন হাটবাজারে অবাধে জাটকা কেনাবেচা চলছে।সান্তাহার শহরের তিনটি ইলিশ মাছের আড়ত থেকে আদমদীঘি সদরসহ পার্শ্ববর্তী নওগাঁ ও জয়পুরহাট জেলার হাটবাজারে টন টন জাটকা সরবরাহ করা হচ্ছে। পশ্চিম বগুড়াসহ নওগাঁ ও জয়পুরহাট জেলার হাটবাজারে অবাধে জাটকা কেনাবেচা চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মৎস্য বিভাগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। নাম প্রকাশে অনিচ্ছুক সান্তাহার শহরের এক মাছ ব্যবসায়ী বলেন, সান্তাহার শহরের তিনটি ইলিশ মাছের আড়ত থেকে প্রতিদিন এক টনেরও বেশি জাটকা কেনাবেচা হয়। নওগাঁ জেলায় ইলিশ মাছের কোনো আড়ত না থাকায় ব্যবসায়ীরা সান্তাহার থেকে মাছ সংগ্রহ করে থাকে।সান্তাহার বাজারের মাছ বিক্রেতা আনছার আলী জানান, বর্তমানে বাজারে ব্যাপকহারে জাটকা আমদানি হওয়ায় ক্রেতারা পুকুর, খাল-বিলের মাছ বাদ দিয়ে জাটকা কিনছে। তিনি জানান, বর্তমানে প্রতি কেজি জাটকা ৬০ থেকে ৭০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। আদমদীঘি উপজেলা মৎস্য কর্মকর্তা অদ্বৈত চন্দ্র বলেন, প্রয়োজনীয় লোকবল না থাকায় হাটবাজার তদারকি করা সম্ভব হয়ে উঠেছে না। এ ছাড়া হাটবাজার পরিদর্শনে গেলে বিক্রেতারা সংবাদ পেয়ে পালিয়ে যান। তিনি বলেন, জরুরিভাবে জাটকা বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হবে। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই, মজিবুর রহমান বলেন, মাঝেমধ্যে জাটকা বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ অভিযান আরও জোরদার করা হবে।