তদন্ত প্রতিবেদন পরিকল্পনা মন্ত্রণালয়ে
আদমশুমারি প্রকল্পে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
আদমশুমারি ও গৃহগণনা প্রকল্পের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ৬০ কোটি ৬৬ লাখ ৬২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই কর্মকর্তাদের কারণে সরকারের আরও ১৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব মো. আবদুল জলিল গত ৩১ মার্চ নয় পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন ওই বিভাগের সচিব বরাবর জমা দিয়েছেন। প্রতিবেদনে আদমশুমারি ও গৃহগণনা-২০১১ প্রকল্পের পরিচালক অসীম কুমার দের বিরুদ্ধে শুমারিসামগ্রী (পেনসিল, খাম, ব্যাগ, চক, প্যাড, ইরেজার, শার্পনার, মার্কার ইত্যাদি) ও স্ক্যানার যন্ত্র কেনায় অনিয়ম তুলে ধরা হয়েছে। প্রচারণা, বিবিধ খরচ, পোস্টার, স্টিকার, ব্যানার তৈরি—এসব খাত থেকেও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের তথ্য প্রতিবেদনে আছে।প্রতিবেদনে বলা হয়েছে, অসীম কুমার দে ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ক্রয় কর্মকর্তার যোগসাজশে শুমারিসামগ্রী কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে।জানতে চাইলে অসীম কুমার দে প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি গঠন সম্পর্কে তাঁকে কিছু জানানো হয়নি। তদন্ত কমিটি বক্তব্য নেওয়ার জন্য তাঁকে ডাকেনি।সরকারের এই তদন্ত সম্পর্কে ইউএনএফপিএ কিছু জানে না। তাই ইউএনএফপিএ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে সংশ্লিষ্ট ওই ক্রয় কর্মকর্তা সম্প্রতি অবসরে গেছেন বলে জানানো হয়েছে।শুমারির সময় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ছিলেন রীতি ইব্রাহিম। প্রথম আলোকে তিনি বলেন, এবারের আদমশুমারি যেকোনো বিবেচনায় সব মহলে গ্রহণযোগ্য হয়েছে। একটি মহল তদন্তের নামে সেই গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।পরিসংখ্যান ব্যুরো সূত্র জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম পরিচালক (সাবেক) মো. আনোয়ার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা আবেদনপত্রে আদমশুমারি-২০১১ প্রকল্পের দুর্নীতি তদন্তের অনুরোধ জানান। সেই পরিপ্রেক্ষিতে পরিকল্পনা মন্ত্রণালয় এ বছরের ১৯ জানুয়ারি যুগ্ম সচিব আবদুল জলিলকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তবে আবদুল জলিল এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।শুমারিসামগ্রীতে গরমিল: আদমশুমারি ও গৃহগণনার সময় গণনাকারী, সুপারভাইজার, সমন্বয়কারীর সংখ্যা ছিল তিন লাখ ৭০ হাজার। তাঁদের দুটি পেনসিল, একটি ইরেজার ও দুটি শার্পনার দেওয়া হয়। সেই হিসেবে সাত লাখ ৪০ হাজার পেনসিল, তিন লাখ ৭০ হাজার ইরেজার ও সাত লাখ ৪০ হাজার শার্পনার প্রয়োজন হয়। কিন্তু পেনসিল দুই লাখ ৪০ হাজার, ইরেজার দুই লাখ ৭০ হাজার ও শার্পনার দুই লাখ ৪০ হাজার বেশি কেনা হয়েছিল।একজন কর্মকর্তা বলেন, বাস্তবে প্রতিটি পেনসিল, ইরেজার ও শার্পনার কেনা হয়েছিল যথাক্রমে চার টাকা, তিন টাকা ও তিন টাকা দামে। কিন্তু বরাদ্দ রাখা হয়েছিল ১৫ টাকা, ১০ টাকা ও ১০ টাকা। বরাদ্দের পুরো টাকাই খরচ দেখানো হয়েছে।পেনসিল, ইরেজার, শার্পনার, লাম্বার চক, শুমারি খাম প্রতিটি কী দামে কেনা হয়েছিল, তার কোনো হিসাব বা কাগজপত্র পরিচালক তদন্তকালে কমিটিকে দেখাতে পারেননি। তদন্ত কমিটি বলেছে, অসীম কুমার দে অত্যধিক মালামাল ক্রয় করে আর্থিকভাবে লাভবান হতে পারেন বলে ধারণা করা যায়।এ ব্যাপারে অসীম বলেন, মজুত নিশ্চিত রাখার জন্য কিছু সামগ্রী বেশি কেনা হয়েছিল। বাড়তি সামগ্রী পরিসংখ্যান ব্যুরোর গুদামে আছে।প্রশ্নপত্র মুদ্রণ: পরিসংখ্যান ব্যুরোর নিজস্ব ছাপাখানা আছে। অথচ শুমারিতে ব্যবহূত চার কোটি প্রশ্নপত্র ছাপা হয়েছিল ব্যবসায়িক ছাপাখানায়। এতে ১৬ কোটি টাকার বেশি ক্ষতি হয় সরকারের।প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন শিক্ষা বোর্ড ওএমআর শিট (যন্ত্রে পাঠযোগ্য উত্তরপত্র) ছাপে দুই টাকা বা তার কম দামে। কিন্তু এ ক্ষেত্রে প্রতি শিট পাঁচ টাকা করে প্রাক্কলন করা হয়।এভাবে প্রায় প্রতিটি ক্ষেত্রে অধিক ব্যয় হয়েছে বলে তদন্ত কমিটি মনে করে।প্রকল্প ব্যয় বৃদ্ধি: একটি সূত্র বলছে, বাড়তি খরচ করার জন্য অসীম কুমার দে ও তাঁর সহযোগী কিছু ব্যক্তি প্রকল্প ব্যয় প্রায় দ্বিগুণ বাড়িয়ে সরকারের কাছ থেকে পাস করিয়ে নেন। ২০০৮ সালে কৃষিশুমারি করতে ব্যয় হয়েছিল ৩৯ কোটি ৯৫ লাখ টাকা। একই আয়তনের আদমশুমারি ও গৃহগণনা প্রকল্পে ১২৩ কোটি টাকার প্রাক্কলন করা হয়। এক বছর পর তা সংশোধন করে ২৫৩ কোটি টাকা করা হয়। তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেছেন, ১৩০ কোটি টাকা বাড়ানোর সঙ্গে পরবর্তী আর্থিক অনিয়মের সম্পর্ক আছে।এ বিষয়ে অসীম কুমার বলেন, প্রকল্প দলিল তৈরির সময় দাতাদের সহায়তার আশ্বাস পাওয়া যায়নি বলে ব্যয় কম ধরা হয়। পরে দাতাদের সহায়তার নিশ্চয়তা পেলে ব্যয় বাড়ানো হয়।তবে ভিন্ন কথা বলেছেন রীতি ইব্রাহিম। তাঁর দাবি, ২০০১ সালের শুমারির হিসাব ধরে ২০১১ সালের শুমারি প্রকল্প দলিল তৈরি করা হয়। কিন্তু ১০ বছরে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। মাঠকর্মীদের সম্মানী আগের চেয়ে বেশি দেওয়া হয়েছে।তদন্ত কমিটি প্রতিবেদনের শেষে মতামত অংশে বলেছে, বিশেষায়িত কোনো সংস্থা বা সুপ্রতিষ্ঠিত পেশাদারি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে তদন্ত করলে দুর্নীতির প্রকৃত চিত্র পাওয়া যাবে।পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্র বলছে, তারা বিষয়টি তদন্তের জন্য কাগজপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।