আদমশুমারি সফল করতে রাষ্ট্রপতির আহ্বান
জাতীয় দায়িত্ব হিসেবে গণ্য করে রাষ্ট্রপতি জিল্লুর রহমান আদমশুমারি-২০১১-এর জন্য সঠিক তথ্য প্রদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী ১৫ থেকে ১৯ মার্চ এই আদমশুমারি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি বৃহস্পতিবার বঙ্গভবনে আদমশুমারি ও গৃহস্থালি গণনা-২০১১ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানিয়ে বলেন, ‘লোকগণনা থেকে কেউ যেন বাদ না পড়ে, এ জন্য নিজেদেরকে আদমশুমারির সঙ্গে যুক্ত করুন।’ শুমারির সময় কোনো মানুষের গণনা যেন একবারের বেশি না হয়, এ বিষয় নিশ্চিত করার জন্য তিনি সংশ্লি¬ষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।রাষ্ট্রপতি বলেন, লোকগণনা জাতীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এর মাধ্যমে নারী-পুরুষ-নির্বিশেষে প্রত্যেকের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও পেশা সম্পর্কে মৌলিক তথ্য সংগ্রহ করা হয়। তিনি বলেন, দেশের উন্নয়নের ভিত্তি হচ্ছে আদর্শশুমারি। কারণ সব উন্নয়ন পরিকল্পনা আদমশুমারির তথ্যের ভিত্তিতে গৃহীত হয়। এ জন্য দেশের সর্বশেষ তথ্য ও পরিসংখ্যান সংরক্ষণের ক্ষেত্রে আদমশুমারির গুরুত্ব অনেক বেশি। এর আগে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে আদমশুমারি ও গৃহস্থালি গণনা-২০১১-এর উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকিট এখন থেকে ঢাকা জিপিওতে বিক্রি হবে। পরে তা দেশের চারটি জিপিও এবং অন্যান্য প্রধান ডাকঘরে পাওয়া যাবে।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাসস।