আদমশুমারিতে দলিত সম্প্রদায়ের হিসাব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার তালিকায় নাম থাকলেও সরকারের পরিসংখ্যান ব্যুরো পরিচালিত আদমশুমারি থেকে বাদ পড়েছে ৬০ থেকে ৭০ লাখ সংখ্যালঘু জনগোষ্ঠী। জনসংখ্যা-সংক্রান্ত পরিসংখ্যান বইয়ে নাম নেই দেশের দলিত সম্প্রদায়ের। বেসরকারি প্রতিষ্ঠান শারি আয়োজিত ‘বাংলাদেশ থেকে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায় হারিয়ে যাচ্ছে’ শীর্ষক সেমিনারে আজ এই তথ্য জানানো হয়।শারির হয়ে এ-সংক্রান্ত জরিপ পরিচালনা করেন অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাত। সেমিনারে তিনি জানান, শারি সারা দেশের সাতটি বিভাগের সাত উপজেলার ৬১টি ইউনিয়নে জরিপ চালিয়ে দেখেছে, ৬০ থেকে ৭০ লাখ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আদমশুমারির আওতায় আনা হয়নি। অথচ ভোটার তালিকায় এসব মানুষের নাম আছে।আবুল বারাকাত আরও জানান, পরিসংখ্যান বইয়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের হিসাব থাকলেও দলিতদের হিসাব নেই, নেই তাদের নামও। জরিপ এলাকায় দলিতদের আদমশুমারির আওতায়ও আনা হয়নি। সেমিনারে আবুল বারাকাত দলিতদের সাংবিধানিক স্বীকৃতি, বাজেটে তাদের জন্য আলাদা বরাদ্দ এবং সিটি করপোরেশন ও পৌরসভায় তাদের চাকরি স্থায়ী করার দাবি জানান।সেমিনারের প্রধান অতিথি বিচারপতি গোলাম রাব্বানী বলেন, সংবিধানে সবার জন্য বাধ্যতামূলক ও একক গণমুখী শিক্ষার কথা বলা আছে। এই বিধানটি বাস্তবায়িত হলে দলিতরা অনেকাংশে তাদের সম্মান ফিরে পাবে।বিশেষ অতিথি সাংবাদিক আবেদ খান বলেন, ‘আমাদের দেশের রাজনীতিবিদেরা চোখ দিয়ে সমস্যা দেখেন না। কান দিয়ে দেখার চেষ্টা করছেন। সে জন্য দলিত সম্প্রদায়ের মানুষ বছরের পর বছর ধরে নিষ্পেষিত হচ্ছেন।’সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শারির নির্বাহী পরিচালক প্রিয়বালা বিশ্বাস, দলিত পঞ্চায়েত ফোরামের সাধারণ সম্পাদক রাজকুমার দাস, হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাস প্রমুখ।