আদমশুমারির তথ্য সঠিক নয় মনে করেন দুই মন্ত্রী
দেশের জনসংখ্যার গ্রহণযোগ্যতা নিয়ে সরকারের দুজন মন্ত্রী আবারও প্রশ্ন তুলেছেন। সর্বশেষ আদমশুমারিতে দেশের জনসংখ্যা ১৪ কোটি ৮০ লাখ বলা হলেও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক মনে করছেন জনসংখ্যা এর চেয়েও বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যে আদমশুমারির মাধ্যমে ওই জনসংখ্যা গণনা করেছে, তা সঠিকভাবে হয়নি বলেও অভিযোগ করেন তাঁরা। গতকাল বুধবার রাজধানীর পরিসংখ্যান ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে সরকারের ওই দুই প্রভাবশালী মন্ত্রী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কে খোন্দকার, পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব রীতি ইব্রাহিম উপস্থিত ছিলেন।কৃষি পরিসংখ্যান প্রাক্কলন পদ্ধতি নিয়ে বিবিএস আয়োজিত ওই সেমিনারে মতিয়া চৌধুরী বলেন, বিবিএস যেভাবে শুমারি করে তা নিয়ে বিভ্রান্তি আছে। আদমশুমারি অনুযায়ী শুরুতে তারা জনসংখ্যা যত বলেছিল, তা নিয়ে সংসদে প্রশ্ন তোলার কিছুদিন পর বিবিএস জনসংখ্যা কিছুটা বাড়িয়ে বলল। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) আদমশুমারির তথ্য যাচাই-বাছাই করার পর এখন বলা হচ্ছে, জনসংখ্যা আরও বাড়বে। এভাবে দুই বছর ধরে তিন দফায় এক আদমশুমারির তথ্য দেওয়া হলে কীভাবে হবে। একেক বারে একেক ধরনের তথ্য দেওয়ায় সরকারের পক্ষে কৃষি উৎপাদন, খাদ্য আমদানি ও কর্মসংস্থানের ক্ষেত্রে পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে।কৃষিমন্ত্রী বলেন, ‘আমার বাসা রমনা অ্যাপার্টমেন্ট এলাকায়, সেখানে মোট ৫২টি পরিবার থাকে। আমার বাসার সামনে দুজন পুলিশ বসা থাকে। কিন্তু বিবিএসের লোকেরা সেখানে যায় নাই। যারা জীবন্ত মানুষই দেখে নাই, তারা অন্য কিছুর ক্ষেত্রে কী করবে, তা তো বোঝাই যাচ্ছে।’ পরিসংখ্যান কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে কাজ করে না বলেও অভিযোগ করেন তিনি।খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক নিজের নির্বাচনী এলাকার উদাহরণ টেনে বলেন, ‘আমার এলাকার পরিসংখ্যান কর্মকর্তাকে দেখি সব সময় দলীয় সভা-সমাবেশে এসে বসে থাকতে। তাঁকে কাজ করতে দেখি না।’পরিসংখ্যানকর্মীদের পেশাদারির সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, পরিসংখ্যান ও তথ্য সঠিকভাবে না এলে সরকার বিপদে পড়ে। ২০১০ সালে হাওরে বাঁধ ভেঙে ফসলহানির ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তখন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সরকারকে খুশি করার জন্য বলা হলো, ফসলের তেমন ক্ষতি হয়নি। কিন্তু চালমালিকেরা বলল, হাওরের ফসল নষ্ট হওয়ায় চালের দাম বেড়ে যাবে। ঠিক ঠিকই ডিসেম্বরে গিয়ে চালের দাম অস্বাভাবিক বেড়ে গেল। সরকারকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ করে চাল আমদানি করতে হলো। সেই বছর সরকারকে ২২ লাখ টন চাল ভর্তুকি দিয়ে খোলাবাজারে বিক্রি করতে হলো। ৫২ লাখ টন চাল ও গম আমদানি করতে হলো। ওই সময়ে সঠিক তথ্য পেলে সরকার আগে থেকে সাবধান হতে পারত।’সেমিনারে সভাপতির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, কৃষি উৎপাদনের বিষয়ে সঠিক পরিসংখ্যান পেতে হলে কৃষি বিভাগ ও পরিসংখ্যান ব্যুরোকে একযোগে কাজ করতে হবে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব রীতি ইব্রাহিম আদমশুমারির তথ্য সংগ্রহে পরিসংখ্যানকর্মীরা সব বাসায় যাননি এ কথা স্বীকার করে নিয়ে বলেন, বিবিএস এককভাবে এই শুমারি করেনি। সরকারের অন্যান্য বিভাগ থেকেও সহায়তা নেওয়া হয়েছে।সেমিনারে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, কৃষি উৎপাদন-সংক্রান্ত তথ্য নিয়ে কৃষি বিভাগ ও বিবিএসের মধ্যে গরমিলের বিষয়টি নব্বইয়ের দশক থেকে শুরু হয়েছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সঠিক পদ্ধতি অনুসরণ করে ফসল উৎপাদনের তথ্য সংগ্রহ করে না। কিন্তু তাদের সারা দেশে বিপুলসংখ্যক জনবল রয়েছে এবং তারা দ্রুত তথ্য দিতে পারে। আর পরিসংখ্যান ব্যুরো সঠিক পদ্ধতি অনুসরণ করলেও তারা তা সঠিকভাবে করছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।সেমিনারে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মাঠ সেবা বিভাগের উপপরিচালক গোলাম আম্বিয়া ও পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক বিধান বড়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কৃষি উৎপাদন জরিপ করার পদ্ধতি তুলে ধরেন।