আদমশুমারির প্রশ্নপত্রেই প্রতিবন্ধীর সংজ্ঞায় ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের আদমশুমারিতে প্রতিবন্ধীর সংখ্যা ও তথ্য সংগ্রহের বিষয়টি গুরুত্ব দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তবে আদমশুমারির কর্মীদের প্রশিক্ষণ ম্যানুয়ালে প্রতিবন্ধিবিষয়ক সংজ্ঞাটাই ভুল দেওয়া হয়েছে। এতে ১৯ নম্বর প্রশ্ন পূরণে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিদের অটিস্টিকের আওতাভুক্ত করা হয়েছে। এ ছাড়া এতে বহুমাত্রিক প্রতিবন্ধীদের বিষয়েও কিছু বলা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রশ্নপত্রে ‘অটিস্টিক অর্থাৎ বুদ্ধির সীমাবদ্ধতা/ একাকী চলার প্রবণতা’—এভাবে সংজ্ঞায়িত করায় বিভ্রাটের সৃষ্টি হবে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আগামী ১৫ থেকে ১৯ মার্চ দেশব্যাপী আদমশুমারি ও গৃহগণনা পরিচালনা করবে। ৫ মার্চ থেকে গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হবে।ঢাকা শিশু হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নায়লা জামান খান প্রথম আলোকে বলেন, অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধীদের কখনোই এক করে ফেলা যাবে না। অটিস্টিকদের সামাজিক যোগাযোগ বা আচরণগত সমস্যা থাকে। অটিস্টিকদের মধ্যে কারো কারো বুদ্ধির সমস্যা থাকতে পারে, তবে সব বুদ্ধিপ্রতিবন্ধীকে অটিস্টিক বলা যাবে না। বুদ্ধিপ্রতিবন্ধীদের খুব সামান্য অংশের অটিজম থাকতে পারে। এতে পুরো শুমারির তথ্যটাই ভুল হবে।অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন রওনাক হাফিজ প্রথম আলোকে বলেন, ‘শুমারির কর্মীদের প্রশ্নপত্রেই ভুল থাকার বিষয়টি খুব হতাশাজনক। এটি সংশোধন হওয়া জরুরি।’তবে পরিসংখ্যান বিভাগের যুগ্ম সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রশ্নপত্র চূড়ান্ত করার আগে সরকারের আইন ও নীতি পর্যালোচনা করা এবং সরকারি ও বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তার পরও কোনো ভুল থাকলে তা অবশ্যই সংশোধন করা হবে।’জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিবিএস এবারের আদমশুমারির প্রশ্নপত্র নিয়ে ফোরামের সঙ্গে যে মতবিনিময় সভা করেছিল, সেখানে বুদ্ধিপ্রতিবন্ধী ও বহুমাত্রিক প্রতিবন্ধীদের আলাদাভাবে রাখার সুপারিশ করা হয়। কিন্তু চূড়ান্ত প্রশ্নপত্রে এই দুটি ধরন উল্লেখ না থাকাটা বিস্ময়কর ও হতাশাজনক।’