আদমশুমারির হিসাব নিয়ে সাংসদদের শঙ্কা
সদ্যপ্রকাশিত আদমশুমারির প্রাথমিক ফলাফল নিয়ে একাধিক সাংসদ শঙ্কা প্রকাশ করেছেন। এই হিসাবের পর সাধারণ জনগণের একটি অংশ খাদ্যনিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে হুমকির মুখে পড়তে পারে বলেও মত দেন তাঁরা।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনাবিষয়ক এক আলোচনা সভায় সাংসদেরা এই মত দেন।সংসদ সচিবালয় ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করণে বাজেট বরাদ্দ’ শীর্ষক এই আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংসদ এস কে আবু বাকের।আবু বাকের বলেন, ‘আমেরিকার একটি সংস্থা বলছে, বাংলাদেশের জনসংখ্যা ১৫ কোটি ৮৫ লাখ। সাধারণ মানুষকেও বলতে শোনা যায় দেশের জনসংখ্যা ১৬ কোটি। সেখানে আমাদের হিসাবে এসেছে ১৪ কোটি ২৩ লাখ। এটা কেমন কথা।’ তিনি অভিযোগ করে বলেন, ‘গণনা ঠিকমতো হয়নি। আমার পাঁচতলা বাসার মাত্র একতলায় গণনা হয়েছে। বাকি বাসাগুলোতে গণনকারীরা যায়নি।’আবু বাকের আরও বলেন, আদমশুমারির হিসাব অনুযায়ীই এখন সরকারকে পরিকল্পনা নিতে হবে। হিসাবের বাইরে যদি কেউ থাকে, তবে তাদের দায়িত্ব কে নেবে? যদি সঠিক হিসাব না থাকে, তবে খাদ্যনিরাপত্তার বিষয়টির কী হবে?’শাহরিয়ার আলম বলেন, ‘প্রতিবার আদমশুমারির পর দেখা যায়, আনুপাতিক হারে জনসংখ্যা বাড়ছে। এই হিসাবটা কতখানি সঠিক, তাও আমাদের ভেবে দেখতে হবে।’আদমশুমারির হিসাব সঠিক হয়নি উল্লেখ করে তারানা হালিম বলেন, ‘আমার বাসাতেও গণনাকারী যায়নি।’এদিকে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা নিয়ে আলোচনার সময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক গণেশ চন্দ্র সরকার বলেন, ‘পরিবার পরিকল্পনা মানেই শুধু জন্ম নিরোধকের বিতরণ নয়। পরিকল্পনা বলতে এখানে সার্বিক পরিকল্পনা বোঝায়।’সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পরামর্শক এম এ মুমিন।সভায় উপস্থিত ছিলেন সাংসদ মুজিবুল হক, আবু জাহির, শাহ জিকরুল আহমেদ, শাহিন মনোয়ারা হক প্রমুখ।