আদরে মণিপুরি চাদর
আদি-ঐতিহ্যের টানে হাতের বুননে তৈরি শীতবস্ত্র। সিলেটে বেড়াতে এলে ফেরার পথে তাই অনেকের কাছে পরম মমতায় সঙ্গী হয়ে যায়। শীতের উষ্ণতায় আদরে-কদরে সঙ্গী হয়ে যাওয়া এই হচ্ছে ‘মণিপুরি চাদর’। শীত সামনে রেখে দিনাজপুর থেকে সপরিবারে সিলেটে বেড়াতে আসা চাকরিজীবী ওয়াহিদুর রহমান কেনাকাটায় নেমে মণিপুরি চাদরের দেশজোড়া কদরের কথা জানিয়ে বলেন, ‘আত্মীয়-স্বজন সিলেট এসেছি শোনামাত্র এর জন্যই বেশি বায়না ধরেছে। দাম কম থাকায় চারজোড়া কিনেছি!’ মণিপুরি চাদরের এ রকম কদর থাকে সিলেটে বেড়াতে আসা মানুষের মধ্যে পুরো শীতকাল। কদরের অন্দর কেমন—জানতেই সিলেটের মণিপুরি মহল্লা ঘুরে দেখা গেল, ক্রেতাদের সমাদরে অন্য রকম উৎসবমুখরতা। মূল বসতঘরের পাশে চিলেকোঠার ঘরগুলোর সুতা বুনুনের নীরব কর্মযজ্ঞ থেকে বাজারে জোগান দেওয়া হয় মণিপুরি চাদরের। চাদর বুননকর্ম কবে শিখেছিলেন, চল্লিশোর্ধ্ব পূর্ণিমা দেবীর এখন আর ঠিকঠাক মনে নেই। প্রশ্ন শুনে তাঁর জবাব, ‘ধরুন আমরা মায়ের পেটে থাকিই ই-কাজটা শিখে ফেলেছি...!’ কথা বলার সঙ্গে সঙ্গে চলছিল তাঁর হাতের কাজও। একদিকে কথা বলা আর অন্যদিকে চরকায় চাদর বুননের সুতা টানা। সিলেট নগরের মণিপুরি মহল্লার একজন পূর্ণিমা দেবীর মতো অধিকাংশ নারী এখন ব্যস্ত শীতের চাদর বুনুনে। মণিপুরি নারীদের হাতের কারুকার্যে তৈরি ঐতিহ্যবাহী ‘মুণিপুরি চাদর’ বিক্রির মৌসুম সামনে। আদি-সংস্কৃতিরই একটি অংশ হিসেবে চাদর বুননের কর্মযজ্ঞ মণিপুরিদের ঘরে ঘরে শোভা পায়। পূর্ণিমা দেবী সিলেট নগরের কুশিঘাটের বাসিন্দা। সুরমাপারের ওই এলাকায় ৩০টি মণিপুরি পরিবারের বসত। সিলেটের আদিবাসী বলে তাঁদের বসতঘরগুলোও আদি অবকাঠামোর। পূর্ণিমা জানান, চাদর বুননের এ কর্ম তাঁদের সংসারিক কাজ সেরে অবসর সময়ের। কুশিঘাট, শিবগঞ্জ, আম্বরখানা-বড়বাজার, লামাবাজার, মাছিমপুর, সাগরদীঘিরপার ও খাদিম ইউনিয়নের দাক্ষিণগাঁওয়ে ১২টি মহল্লায় এখন শীত সামনে রেখে চলছে চাদর বুননের কর্মযজ্ঞ। তাঁর হাতে এক মেয়েও বুনুনের কাজ শিখেছে। সাধারণ নকশার একেকটি চাদর বানাতে খরচ পড়ে ১৫০ থেকে ২০০ টাকা। দোকানি-ব্যবসায়ীদের কাছে পাইকারি দরে বিক্রি করা হয় ২৫০ টাকা। দোকানে সেটির খুচরো দর ৩০০ থেকে ৩৫০ টাকা। মূলত, সংসারিক কাজের অবসরে চাদর বুননের কাজ চলে। একটি চাদর বুনতে চার দিন লাগে। দেখা গেছে, ঘরে চাদর বুননের কর্মযজ্ঞ চলে আদিবাসী সংস্কৃতির ঐতিহ্য হিসেবে। এক ঘরের কাজে প্রতিবেশীরাও জোগান দেয়। পূর্ণিমার ঘরে এভাবে জোগান দিতে আসা শান্তনা দেবী জানান, রোজগারের জন্য নয়, ঐতিহ্যের খাতিরে মুণিপুরি মহল্লায় এ কাজ চলে। গৃহিণী বাবলা দেবী বলেন, ‘আগে মুণিপুরি পল্লিতে কনে দেখার সময় বলা হতো, কনে চাদর বুনন কাজ জানে কি? না জানলে বিয়েও হতো না!’ এখন অবশ্য সেই উচাটন আর নেই। ঐতিহ্য ধরে রাখার নিরন্তর চেষ্টায় শীতের উষ্ণতায় মণিপুরি চাদর অনুষঙ্গ হয়ে উঠেছে অন্য রকম এক আদরে। বাংলাদেশ মণিপুরি মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবী জানান, মণিপুরিদের ঘরোয়া শিল্পকর্মের প্রসার নির্ভর করে তাঁদের আর্থিক সংগতির ওপর। বাজারে চাহিদা আছে। তবে পুঁজির অভাবে প্রায়ই জোগানে তারতম্য দেখা দেয়। প্রতিবারই শীতের শুরুতে এই নিয়ে উৎসাহ দেখা দেয়। যেন শীতকে বরণ করতে চাদর বুনন দিয়ে চলে উৎসবমুখরতা। মণিপুরিদের হস্তশিল্পসহ বস্ত্রসামগ্রী বিকিকিনির কেন্দ্রস্থল সিলেট নগরের লামাবাজার মোড়। হাতে তৈরি চাদরের মূল ক্রেতা লামাবাজারের ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীদের মাধ্যমে সিলেটের পর্যটন এলাকা জাফলং ও নগরের দরগাহ এলাকায় চাদর সরবরাহ হয়। বাজারে চাহিদার পরিপ্রেক্ষিতে জোগান দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লামাবাজারের মোড়সহ নগরে মণিপুরি বস্ত্র ও হস্তসামগ্রীর দোকান রয়েছে অর্ধশতাধিক। চাহিদা দিন দিন বেড়ে যাওয়ায় সিলেটের বিভিন্ন বিপণিবিতানেও আলাদাভাবে মণিপুরি চাদর পাওয়া যায়। লামাবাজারের ব্যবসায়ী ঝন্টু ধর জানান, মণিপুরি শীতের কাপড়ের মধ্যে চাহিদা বেশি চাদর ও শালের। আগে এর প্রধান খদ্দের কেবল সিলেটে বেড়াতে আসা মানুষজনই ছিল। এখন তরুণ-তরুণীরাও ব্যবহার করছে। মণিপুরি বস্ত্র-ব্যবসায়ী আবদুর রহিম জানান, ৩০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত চাদরের ক্রেতা পাওয়া যায়। মণিপুরি শাড়ির মূল্য ওই রকমের। মূলত সুবিধাজনক দরের জন্য দেশের বিভিন্ন জেলার কাপড়-ব্যবসায়ীরা মণিপুরি শীতের কাপড় পাইকারি দরে কিনে নিচ্ছে। তারা তাদের মতো করে খুচরো দরে বিক্রি করে। মণিপুরিদের তৈরি শীতের পোশাক দিন দিন প্রিয় হয়ে ওঠায় এখন এই শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে তিনি মনে করেন।সিলেটে আদিবাসী বেসরকারি উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (একডো) পর্যবেক্ষণের বরাত দিয়ে এর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ জানান, সিলেট, মৌলভীবাজারের কমলগঞ্জ ও জাফলং এলাকায় আদি ঐতিহ্য হিসেবে অন্তত তিন শতাধিক মুণিপুরি পরিবারে চাদরসহ বিভিন্ন পোশাক বুননকর্ম চলে। লক্ষ্মীকান্ত সিংহ প্রথম আলোকে বলেন, ‘এটি শুধু মুণিপুিরদের ব্যবসার উপাত্ত নয়, আদিবাসী সংস্কৃতির একটি নিদর্শন ধরে রাখার চেষ্টা, যা আধুনিক নির্মাণশৈলীর সঙ্গে পাল্লা দিয়ে চলছে। বুননের কাজ জানা নারীদের এ ব্যাপারে প্রশিক্ষণ দিলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এ শিল্পের বিপুল প্রসার ঘটার সম্ভাবনা বিদ্যমান।’