যাত্রাপথের অর্ধশত বছর অতিক্রম করল ছায়ানট। সংগঠনটির যাত্রা শুরু হয় ১৯৬১ সালের শেষ দিকে। গতকাল শুক্রবার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা বাঙালিত্বের চর্চাকে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে ‘স্থির প্রত্যয়ে যাত্রা’ প্রতিপাদ্য সামনে রেখে সকাল ১০টায় শুরু হয় ৫০ বছর অতিক্রমের আনুষ্ঠানিকতা।জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে ছায়ানটের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিক্ষক মদন গোপাল দাস অনুষ্ঠানের উদ্বোধন করেন। ভবনের সামনে শিরোনামহীন একটি ভাস্কর্যের উদ্বোধন করেন ছায়ানটের কার্যকরী সংসদের আরেক প্রবীণ সদস্য আ ফ ম সাইফুদ্ দৌলা।ছায়ানট ভবনের মূল মিলনায়তনে দুই দিনব্যাপী আনুষ্ঠানের সম্ভাষণে ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন বলেন, ‘পাকিস্তান রাষ্ট্র তখন এ দেশের বাঙালিকে পাকিস্তানি মুসলমান বানাবার জোর চেষ্টা চালাচ্ছে। এর প্রতিকূলে আমরা শুরু করলাম বাঙালিত্বের চর্চা, ঐতিহ্য চেতনাকে পুনরুদ্ধার করে বাঙালির সাংস্কৃতিক স্বাধিকার প্রতিষ্ঠিত করার চেষ্টা।’ তিনি বলেন, বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে বাঙালির সংগ্রামক্লিষ্ট জীবনে আনন্দের রস সিঞ্চন এবং জাতীয় সংস্কৃতির পরিচয় লাভের জন্যই ছায়ানটের সব আয়োজন।’ তিনি সবার উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ‘কেবল সংগীত নয়, শিক্ষা আর সংস্কৃতিক্ষেত্রের বহুতর সাধনার মধ্য দিয়ে জীবনের সব স্তরে সমৃদ্ধ হয়ে উঠতে চাই আমরা। শাশ্বত বাঙালি হয়ে বিশ্বমানব হয়ে ওঠার সার্বিক প্রয়াস আমাদের। আসুন, আমরা সবাই মিলে মানুষ হই, আদর্শ মানবতার পথে একত্র যাত্রা করি।’ছায়ানটের সম্মানিত শিক্ষাগুরু নজরুলসংগীতের শিল্পী সোহরাব হোসেন বলেন, ‘সবাই সুখে আছো, তা যেন আমি দেখে যেতে পারি।’সাবেক সদস্যরা দেশে-বিদেশে ছায়ানটের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরবেন, সেই প্রত্যাশার কথা জানান আ ফ ম সাইফুদ্ দৌলা।মিলনায়তনের বাইরে ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী প্রথম আলোকে বলেন, ‘বলা যায়, বর্তমানে ছায়ানট সর্ববৃহৎ একটি সংগঠন। গত ৫০ বছরে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী এখান থেকে বের হয়েছে। শিক্ষার্থীরা সবাই শিল্পী হবে না, তবে সুরুচির মানুষ হোক, এটিই ছায়ানটের প্রত্যাশা। ধর্মপরিচয় অক্ষুণ্ন রেখে সবাই জাতি পরিচয়ে ধন্য হবে—এই কাজটি করে যাবে ছায়ানট।’ছায়ানটের আরেক সদস্য মফিদুল হক প্রথম আলোকে বলেন, ‘মৌলবাদসহ সব ধরনের অপশক্তির বিরুদ্ধে ছায়ানট শক্তি হিসেবে কাজ করতে চায়। তবে ছায়ানট বাংলাদেশে একটি ক্ষুদ্র দ্বীপের মতো। অন্ধকারে মশাল জ্বালানোর চেষ্টা চালাচ্ছে। এই এক মশাল থেকে হাজার মশাল জ্বলে উঠবে, সেই প্রত্যাশা নিয়ে ছায়ানট এগিয়ে চলেছে।’