আদা-রসুনের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে দুই টাকা পর্যন্ত কমেছে। তবে বেড়েছে আদা ও রসুনের দাম। শাকসবজির দাম গত সপ্তাহের মতোই।গতকাল শুক্রবার কারওয়ান বাজার ও নারিন্দা কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। কারওয়ান বাজারে গতকাল খোলা সয়াবিন তেল গত সপ্তাহের চেয়ে দুই টাকা কমে প্রতি লিটার ১০৬ থেকে ১০৮ টাকায় বিক্রি হয়। খোলা পাম তেলও লিটারে দুই টাকা কমে হয়েছে ৭২ টাকা। তবে প্রতিষ্ঠানভেদে মোড়কজাত পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৬৫৫ থেকে ৬৭০ টাকায়।চলতি সপ্তাহে মানভেদে আদার দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়ে হয়েছে ১০০ থেকে ১২০ টাকা। রসুনের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। দেশি রসুন ৫০ থেকে ৬০ টাকা আর চীনা রসুন ৯০ টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। দেশি পেঁয়াজ ৩০ টাকা ও বিদেশি পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এ বিষয়ে কারওয়ান বাজারের আড়তদার দেলোয়ার হোসেন বলেন, গত মাসে চীন ও মিয়ানমার থেকে আদা-রসুনের আমদানি কম হয়েছে। তাই দাম একটু বাড়তি। তবে দেশি আদা-রসুনের দাম কম। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার জন্যই এমনটা হয়েছে।শাকসবজির দাম এ সপ্তাহে বাড়ায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন। গতকাল কারওয়ান বাজারে আলু মানভেদে প্রতি কেজি ১২ থেকে ১৫ টাকা, টমেটো ২০ থেকে ২৮, কাঁচা মরিচ ৪০, পটোল ২০, বেগুন ২৫ থেকে ৩০, বরবটি ১৫, শসা ১৪ থেকে ১৬, চিচিঙ্গা ২০, গাজর ১২, কাঁচা আম ৪০ টাকা, লতি ৩৫ থেকে ৪০, ছোট আকারের মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়।কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, গ্রীষ্মকালীন সবজি অল্প কিছুদিনের মধ্যে পুরোদমে বাজারে এলে পটোল, লাউ, কচু, করলা, লতিসহ কিছু সবজির দাম কমবে।প্রতি কেজি ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতোই ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়। মাঝারি আকারের একটি পাকিস্তানি মুরগির দাম ১৮০ থেকে ২০০ টাকা হাঁকেন বিক্রেতারা। দেশি মুরগির কেজি ২৮০ থেকে ৩২০ টাকা। ফার্মের ডিমের হালি ৩৪ থেকে ৩৬ টাকা।সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসে চাল, চিনি, মসলা, বিভিন্ন ধরনের ডাল, গুঁড়া দুধ, গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত আছে।