আদাবরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে গতকাল মঙ্গলবার দিনদুপুরে ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ ও র‌্যাব বলছে, গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ এর কারণ হয়ে থাকতে পারে।নিহত সৈয়দ অহিদুজ্জামান রুমিছ (২৮) ঢাকা মহানগর ছাত্রলীগের ৪৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে দুইটার দিকে শেখেরটেক পিসিকালচার হাউজিং সোসাইটির ১২ নম্বর সড়কের চৌমাথায় সন্ত্রাসীরা রুমিছকে প্রকাশ্যে গুলি করে ফেলে রেখে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অহিদের বুকে ও মাথায় দুটি গুলি লেগেছিল।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওয়াহেদ গাজী ও বাবু নামের দুজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, এরা সন্ত্রাসী নবীর সহযোগী বলে তথ্য রয়েছে।ওসি জানান, গার্মেন্টসের ঝুট ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুলিশের তেজগাঁও জোনের একজন কর্মকর্তা জানান, তদন্তে তাজুল ইসলাম ও তালিকাভুক্ত সন্ত্রাসী নবীর নাম বারবার আসছে। তাজুলের সঙ্গে ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল অহিদের।র‌্যাব-২-এর একজন কর্মকর্তাও ঝুট ব্যবসার কথা বলেছেন। তিনি বলেন, তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী নবীর সহযোগী তাজুল তাঁর স্থানীয় চার-পাঁচটি গার্মেন্টসের ঝুট ব্যবসা দেখাশোনা করেন। তাজুলের এ ব্যবসা দখল করে নিয়েছিলেন অহিদ।স্থানীয় ছাত্রলীগের কর্মী রিয়াজ হত্যাকাণ্ডের সময় অহিদের সঙ্গে ছিলেন। তিনি জানান, গতকাল দুপুরে অহিদসহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজন নেতা-কর্মী পিসি কালচার হাউজিংয়ের টমেটো রেস্তোরাঁয় পয়লা বৈশাখের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলেন। পরে রেস্তোরাঁ থেকে বের হয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা সালাউদ্দীন অহিদকে ১০ হাজার টাকা দেন অনুষ্ঠানের জন্য। রিয়াজ বলেন, সালাউদ্দীন স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে দেওয়ার জন্য তাঁকেও তিন হাজার টাকা দেন।রিয়াজ বলেন, ‘আমি টাকাটা নিয়ে ঘুরে রিকশা খুঁজতে না খুঁজতেই প্রথম গুলির আওয়াজটা শুনি। এরপর আরও কয়েকটা আওয়াজ। দৌড়াইয়া একটা রিকশার আড়ালে গিয়ে এদিকে তাকায়া দেখি ভাই (অহিদ) মাটিতে পড়ে রইছে। আর ওই পোলাডা (খুনি) তার দিকে অস্ত্র তাক কইরা রাখছে। কয়েক সেকেন্ড পর নড়াচড়া না দেখে সে অস্ত্রটা কোমরে ভরে হেঁটে চলে যায়।’আরেক প্রত্যক্ষদর্শী অহিদের বন্ধু নোমানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।এদিকে অহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে ভাঙচুর চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে জরুরি বিভাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেছেন, অহিদ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে বিবিএ পড়তেন। তবে পরিবার থেকে বলা হয়েছে, তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।