আদাবরে ধর্ষণের অভিযোগে বায়িং ব্যবসায়ী গ্রেপ্তার
কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে পুলিশ আজ মঙ্গলবার সকালে রাজধানীর আদাবর এলাকা থেকে এক বায়িং হাউস ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম শফিউল করিম। শফিউলের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।আদাবর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শফিউল করিম গতকাল সোমবার রাতে তাঁর বাড়ির ড্রয়িং রুমে ঘুমিয়ে থাকা কাজের মেয়ের গায়ে হাত দেন। মেয়েটি জেগে উঠলে শফিউল মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। আজ সকালে মেয়েটি রাগ করে গ্রামের বাড়ি চলে যেতে চাইলে শফিউল বাধা দেন। এ সময় মেয়েটির চিৎকারে এলাকার লোকজন জড়ো হয় এবং মেয়েটি ঘটনা খুলে বলে। তখন এলাকার লোকজনই আদাবর থানায় খবর দিলে পুলিশ শফিউলকে গ্রেপ্তার করে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা প্রথম আলোকে জানান, শফিউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।