আদাবরে বাসিন্দাদের ওপর চড়াও পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবর এলাকায় একটি বহুতল ভবনে তল্লাশি চালিয়ে পুলিশ নয়জনকে আটক করেছে। এ সময় ভবনের নিরাপত্তাকর্মী ও বাসিন্দাদের পুলিশ মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।ভবনের বাসিন্দারা অভিযোগ করেন, একজন অচেনা তরুণকে নিরাপত্তাকর্মীরা ভবনে ঢুকতে না দিলে ভবনের একজন নারী মাদক ব্যবসায়ী তাঁদের মারধর শুরু করে। পরে পুলিশ এসে ওই নারীর পক্ষ নিয়ে ভবনের বাসিন্দাদের আটক ও মারধর করে। তবে পুলিশ দাবি করছে, বাসিন্দারা এক পুলিশকে মারধর করে গুরুতর জখম করেছে। বাসিন্দারা অভিযোগ করেন, ওই ভবনে ৩০টি পরিবার থাকে। তৃতীয় তলায় থাকেন শাহানা পারভীন ওরফে ইভা। তিনি ছয় বছর আগে ওই ফ্ল্যাটে উঠে নারী, মাদক ও শিশু পাচার ব্যবসা শুরু করেন। তিনি বিভিন্ন সময়ে অচেনা লোকদের বাসায় আনতেন। ভবনের ২৯টি পরিবার তাঁকে এ কাজ থেকে বিরত থাকতে বললেও তিনি মানেননি। এ কারণে তাঁর বাসায় অচেনা কারও ঢোকার ওপর সতর্ক দৃষ্টি রাখা হতো। বাসিন্দারা বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে ইভা এক তরুণকে নিয়ে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ সময় ওই নারী নিরাপত্তাকর্মীদের মারধর করে পুলিশে খবর দেন। তাৎক্ষণিক পুলিশ এসে নিরাপত্তাকর্মী ও কয়েকজন বাসিন্দাকে মারধর করে। পরে ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালিয়ে নয়জন নারী-পুরুষকে আটক করে থানায় নেয়। বাসিন্দারা বলেন, ওই নারীর বিরুদ্ধে আদাবর থানায় ছয়-সাতটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোনো প্রতিকার হয়নি, উল্টো পুলিশ তার পক্ষ নেয়। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ওই নারীকে বাড়ির নিরাপত্তাকর্মী ও বাসিন্দারা মারধর করলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ গেলে নিরাপত্তাকর্মী ও বাসিন্দারা বাতি নিভিয়ে এক পুলিশকে মেরে রক্তাক্ত করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজন নারী ও চারজন পুরুষকে আটক করা হয়েছে। তিনি দাবি করেন, ওই নারীর বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ইভা দাবি করেন, তিনি খিলগাঁওয়ে স্বামী-সন্তান নিয়ে থাকেন। মনছুরাবাদের ফ্ল্যাটটি তাঁর নিজস্ব। তিনি মাঝেমধ্যে ওই ফ্ল্যাটে থাকেন। তিনি গতকাল জরুরি কাজে গিয়েছিলেন। কিন্তু ফ্ল্যাটের চাবি হারিয়ে ফেলায় তিনি নতুন তালা-চাবি কিনে একজন মিস্ত্রি নিয়ে বাসায় যাচ্ছিলেন।