আদাবরে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
রাজধানীর আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের ৯ নম্বর রোডের এ-ব্লকের একটি প্লট থেকে আজ বৃহস্পতিবার সকালে সাড়ে পাঁচ বছরের একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত শিশুটির নাম সামিউল আজম। তার বাবার নাম কে আর আজম। তাঁর বাসা ছিল নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে। সামিউল মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে গ্রিনউড ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সারি শ্রেণীতে পড়ত।পুলিশ জানায়, ২০ জুন বাসার নিচে খেলতে গিয়ে সামিউল আর ফিরে আসেনি। আজ সকালে ডি-ব্লকের ১২ নম্বর প্লটের সামনে স্থানীয় লোকজন একটি বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বস্তার ভেতর থেকে সামিউলের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, সামিউলের মা আয়েশা হুমায়নের সঙ্গে এলাকার ডিভিডি মেকানিক আরিফের অনেক দিন ধরেই অনৈতিক সম্পর্ক আছে বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এর জের ধরে আয়েশার যোগসাজশে আরিফ সামিউলকে খুন করে ফ্রিজে রাখে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে লাশটি সেখানে ফেলে রাখা হয়। এদিকে কে আর আজমের অভিযোগ, আয়েশার বান্ধবীর স্বামী শামসুজ্জামানের সঙ্গে আয়েশার অনেক দিন ধরেই অনৈতিক সম্পর্ক ছিল। এরই জের ধরে সামিউলকে খুন করা হতে পারে।পুলিশ আরও জানায়, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা আয়েশা ও বাড়ির গৃহকর্মীকে থানায় নিয়ে আসা হয়েছে।