বিকেল সাড়ে চারটা। ঢাকা মেট্রো থ-১৪-০৬৮৯ নম্বরের সিএনজিচালিত অটোরিকশাকে দাঁড় করালেন আশরাফ উল আলম। মহাখালী বলতেই ‘না’ বলে চলে যাচ্ছিলেন চালক। এমন সময় একজন ট্রাফিক পুলিশ সামনে দাঁড়িয়ে গতি রোখেন। পুলিশ সদস্যের পা মাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন চালক। কিন্তু পারেননি।পাশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে ভ্রাম্যমাণ আদালত চলছিল। পুলিশ সদস্য সেখানে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলে চালক বলে ওঠেন, ‘যাব, যাত্রী কই?’ যাত্রী আশরাফ উল আলম বলেন, ‘আমি এখন যাব না। এর শেষ দেখব।’ ভ্রাম্যমাণ আদালত দুই পক্ষের বক্তব্য শুনে চালককে এক হাজার টাকা জরিমানা করেন। আশরাফ উল আলম বলেন, তিনি বোনকে নিয়ে প্রায় এক ঘণ্টা শাহবাগে দাঁড়িয়ে ছিলেন। কোনো চালককেই মহাখালী যাওয়ার জন্য রাজি করাতে পারেননি। শেষ পর্যন্ত অন্তত একজন চালকের শাস্তি হওয়ায় তিনি সন্তুষ্ট। গতকাল বৃহস্পতিবার শাহবাগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন। রাজধানীর মিরপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা এবং তেজগাঁওয়ে তোফায়েল ইসলাম আরও দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিন আদালত ৪৪ জন চালকের বিরুদ্ধে মামলা করেছেন এবং জরিমানা আদায় করেন ২০ হাজার ৩০০ টাকা। তবে নাসরিন সুলতানা জানান, অধিকাংশ ক্ষেত্রে যাত্রীরা সহযোগিতা করেন না। ফলে যেসব অটোরিকশা আটক করেছিলেন, তার ৭০ শতাংশ ছেড়ে দিতে হয়েছে। বাকিরা চুক্তিতে যাত্রী বহন করলেও তাদের মিটারের কারসাজি হাতেনাতে ধরা পড়েছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তোফায়েল ইসলাম বলেন, একবার যে অটোরিকশার বিরুদ্ধে চুক্তিতে যাত্রী বহনের দায়ে মামলা হয়েছে, সেগুলো দ্বিতীয়বার অপরাধ করলে সোজা জব্দ করা হচ্ছে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল ৩৮৪টি মামলা করেছে। জরিমানা আদায় ছাড়াও চুক্তিতে যাত্রী বহন করার অপরাধে ১৯টি অটোরিকশা জব্দ করে পুলিশ। সরকার ১৬ জানুয়ারি থেকে সিএনজিচালিত অটোরিকশার নতুন ভাড়া কার্যকর হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন থেকে যেকোনো গন্তব্যে চালকেরা মিটারে যাত্রী বহন করবেন। কিন্তু অধিকাংশ চালক সরকারি সিদ্ধান্ত না মেনে চুক্তিতে যাত্রী বহন করছেন। আবার বেশির ভাগ অটোরিকশার মিটার কারসাজি করা, ফলে ভাড়া বেশি ওঠে। শাহবাগে ট্রাফিক পুলিশের একাধিক সদস্য ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অভিযোগ করেন, রাস্তায় অটোরিকশা দাঁড় করিয়ে জিজ্ঞেস করলে যাত্রীরা বলেন, মিটারে এসেছেন। অথচ অধিকাংশই চুক্তিতে চলেন। সাধারণ মানুষ সহযোগিতা না করলে অভিযান সফল হবে না বলে তাঁরা মন্তব্য করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়ই ঢাকা মেট্রো থ-১৩-৪৪৪১ নম্বরের অটোরিকশাটি দাঁড় করায় পুলিশ। মিটারে না চুক্তিতে এসেছেন জিজ্ঞেস করতেই যাত্রী থতোমতো খেয়ে যান। একপর্যায়ে বলেন, ‘চালক চুক্তিতে আসেনি। তবে বলেছে, যা দিবেন দিয়েন।’ একপর্যায়ে ওই যাত্রীই চালককে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় পথচারী সেলিম খান ওই যাত্রীর ওপর খেপে যান। উত্তেজিত ওই পথচারী যাত্রীকে ভর্ৎসনা করে বলেন, ‘আপনাদের জন্য সব মানুষকে ভুগতে হয়। নিজের একটু সময় নষ্ট হওয়ার ভয়ে কাপুরুষের মতো আচরণ করা ঠিক নয়।’ অবশ্য কিছু যাত্রী নিজ উদ্যোগে ধরিয়ে দিয়েছেন কিছু চালককে। ধানমন্ডি থেকে রোগী নিয়ে বারডেম হাসপাতালে আসার জন্য ঢাকা মেট্রো থ-১৩-২৪৫১ নম্বরের অটোরিকশার চালক ১০০ টাকা দাবি করেন। নিরুপায় হয়ে যাত্রী রাজি হন। বারডেমের সামনে এসে কথাকাটাকাটি শুরু হলে পুলিশ আসে। পরে যাত্রীর অভিযোগের ভিত্তিতে এই অটোরিকশাটি জব্দ করে পুলিশ। ঢাকা মেট্রো থ ১২-৯৬১১ নম্বরের অটোরিকশাটি শাহবাগ মোড়ে থামার পরই ১০-১২ জন ঘিরে ধরেন। কারও কথাই পাত্তা দিচ্ছিলেন না চালক। পুলিশ ধরার পর বলেন, অটোরিকশায় কারিগরি ত্রুটি আছে। পরে পুলিশ মামলা দেওয়ার হুমকি দিলে যাত্রী নেন তিনি।