আদালত অবমাননা, সরকারি তিন কর্মকর্তার দণ্ড
আদালত অবমাননার দায়ে ঝালকাঠি জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় ঝালকাঠির নলছিটি সহকারী জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এ আদেশ দেন।সাজাপ্রাপ্তরা হলেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, তত্ত্বাবধায়ক মোস্তফা কামাল ও অডিট কর্মকর্তা সাইদুর রহমান।আদালত সূত্রে জানা গেছে, ২৯ নভেম্বর নলছিটি সহকারী জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমানের শ্রান্তি বিনোদনের ১২ হাজার ৪৭০ টাকার বিল প্রস্তুত করে জেলা হিসাবরক্ষণ অফিসে জমা দেওয়া হয়। হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তারা কোনো ব্যাখ্যা ছাড়াই এ বিল পাস না করে আজ ফেরত পাঠান। এ ঘটনায় আদালত বেলা ১১টায় জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ওই তিনজনকে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে বেলা দুইটায় তিনজনই আদালতে হাজির হয়ে মৌখিকভাবে ব্যাখ্যা দেন। আদালত এই তিন কর্মকর্তা এবং আদালতের তিনজন কর্মচারীর বক্তব্য সাক্ষ্য হিসেবে রেকর্ড করেন। সাক্ষ্য পর্যালোচনা করে দণ্ডবিধির ২২৮ ও ৪৮০ ধারায় বিচারক ওই তিন কর্মকর্তাকে এ শাস্তি দেন।জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা বিল ফেরত পাঠাইনি। আদালতের কর্মচারীরা স্বেচ্ছায় বিল ফেরত নিয়ে গেছেন।’