আদালত অবমাননা আইন ও স্বাস্থ্যনীতির খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননা আইন ও জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট আইন, ২০১১-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।জাতীয় স্বাস্থ্যনীতি সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পূরণের ধারাবাহিকতায় একটি যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হয়েছে। সবার জন্য সুস্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং চিকিৎসার উপকরণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই স্বাস্থ্যনীতির মূল লক্ষ্য।প্রেস সচিব জানান, প্যারিসের ডুফেন বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বর্ণপদক ও ডিপ্লোমা দেওয়ায় মন্ত্রিসভার সদস্যরা তাঁকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী জবাবে বলেন, তাঁর এই সম্মান দেশের জনগণের জন্য। তিনি জনগণের জন্যই কাজ করে যাচ্ছেন।আদালত অবমাননা আইন: ব্রিটিশ আমলে প্রণীত এ আইনটি ভারতে দুবার (১৯৫২ ও ১৯৭২) এবং পাকিস্তানে একবার সংশোধন করা হয়, কিন্তু বাংলাদেশে কখনো সংশোধন করা হয়নি।আইন অনুযায়ী, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠলেই তাঁকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। তাঁকে আইনজীবীর মাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। তবে আদালত যদি মনে করে ন্যায়বিচারের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য সরাসরি শোনা ও লিপিবদ্ধ করা দরকার, তখন আদালত তাঁকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশ দিতে পারবেন।প্রস্তাবিত নতুন আইনে আদালতের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে কোনো আপিল অনিষ্পত্তি থাকলেও ওই রায় বা আদেশের গঠনমূলক সমালোচনা, চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো মামলার রায়ের গঠনমূলক সমালোচনা, আদালতে চলমান বিচারকাজ সম্পর্কে বস্তুনিষ্ঠ কোনো তথ্য, মন্তব্য বা সংবাদ প্রকাশ, বিচারিক কোনো কার্য বা দায়িত্ব পালন সংশ্লিষ্ট দুর্নীতি, অনিয়ম, অজ্ঞতা বা অদক্ষতা বিষয়ে বস্তুনিষ্ঠ কোনো তথ্য, মন্তব্য বা সংবাদ জনস্বার্থে প্রকাশ, জাতীয় সংসদে আলোচিত বিচারক বা বিচারালয়সংক্রান্ত কোনো মন্তব্য, বিশ্লেষণ বা উক্তি গণমাধ্যমে প্রকাশ বা প্রকাশ্য আলোচনা, বিচারকের ব্যক্তিগত আচরণ বা তাঁর পরিবারের কোনো সদস্যের দ্বারা সংঘটিত আচরণে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি কর্তৃক ওই বিচারকের বিরুদ্ধে সরকার, আদালত বা উপযুক্ত কোনো কর্তৃপক্ষের কাছে পেশকৃত কোনো দরখাস্তের সরল বিশ্বাসে ও সংযত ভাষায় কোনো বক্তব্য দেওয়া আদালত অবমাননার মধ্যে পড়বে না।নতুন আইনে আদালত অবমাননার দায়ে অনূর্ধ্ব ছয় মাসের বিনাশ্রম ও দুই হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে কোনো অভিযুক্ত ব্যক্তি নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর আদালত সন্তুষ্ট হলে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিতে পারবেন।