আদালত অবমাননা আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগোপযোগী করার লক্ষ্যে মন্ত্রিসভা আদালত অবমাননা আইন ২০১১-এর খসড়া প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।খসড়া প্রস্তাবটি অনুমোদন করে বলা হয়, ১৯২৬ সালে ব্রিটিশ আমলে তিনটি ধারার সমন্বয়ে এই আইনটি করা হয়। যার কিছু অংশ ছিল ১৮৬১ সালের আদালত অবমাননা আইনের। পরে ১৯৫০ সাল এবং ১৯৬০ সালে ভারত দুটি ধারা সংযোজন করে আইনটি সংশোধন করে। পাকিস্তানেও এ আইন সংশোধন করা হয়। তবে বাংলাদেশে আইনটি সংশোধন হয়নি। প্রেস সচিব বলেন, সচিব থেকে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননা আইন প্রয়োগ করা হয়। ফলে কর্মকর্তারা সরকারের দায়িত্ব পালন না করে এসব মামলায় হাজিরা দিতে গিয়ে অনেক সময়ের অপচয় হয়। তাঁরা সরকারের দেওয়া দায়িত্ব পালন করতে পারেন না। অথচ ব্যক্তিগত কারণে নয়, সরকারের দায়িত্ব পালন করতে গিয়েই তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা হয়ে থাকে। বাংলাদেশের একজন সচিবের বিরুদ্ধে ৭৯টি পর্যন্ত আদালত অবমাননা মামলা রয়েছে। সংগতকারণে এই আইনটির যুগোপযোগী করার প্রয়োজন দেখা দেওয়ায় মন্ত্রিসভা আদালত অবমাননা আইনের খসড়া প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১১-এর খসড়া নীতিগত অনুমোদন করা হয়েছে। প্রেস সচিব জানান, মোবাইল ফোন, ইন্টারনেট এবং সিডির মাধ্যমে পর্নোগ্রাফি সমাজে ছড়িয়ে পড়ছে। ফলে যুবসমাজ এবং নারী ও শিশুর চরিত্র নষ্ট হচ্ছে। অথচ প্রয়োজনীয় আইন না থাকার কারণে পর্নোগ্রাফির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। পর্নোগ্রাফির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিসভা পর্নোগ্রাফি তৈরি ও সংরক্ষণ নিষিদ্ধ করে আইনের খসড়া প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে। এই আইনে ৭ থেকে ১০ বছরের জেল এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।