আদালত অবমাননার অভিযোগে সংস্থাপন সচিবকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সন্তানের নিয়োগ বিবেচনা না করায় আদালত অবমাননার মামলায় হাইকোর্ট সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবকে তলব করেছেন। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। ১৮ জানুয়ারি সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদকে হাজির হয়ে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আদালত অবমাননার এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী গাজী মোস্তাক আহমেদ ও সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন। জানা যায়, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজঙ্গলিয়া গ্রামে মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিনের ছেলে মো. রিয়াজ উদ্দিন ওই উপজেলার স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা দেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি মৌখিক পরীক্ষায় অংশ নেন। চারটি পদের বিপরীতে তিনি অংশ নিলেও তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটা থাকলে তা অনুসরণ করা হয়নি, এমন অভিযোগে রিয়াজউদ্দিন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত গত বছর রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১০ জুন হাইকোর্ট রায় দেন। রায়ে রিয়াজউদ্দিনের চাকরির বিষয়টি ৩০ দিনের মধ্যে বিবেচনা করতে নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা অনুসরণ না করায় তিনি আদালত অবমাননার আবেদন করেন। এর ওপর শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।