আদালত অবমাননার দায় থেকে আসাফদ্দৌলার অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগ সম্পর্কে ভবিষ্যতে আপত্তিকর বক্তব্য না দেওয়ার অঙ্গীকারের শর্তে সাবেক সচিব আসাফউদ্দৌলাহকে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।আজ সোমবার দুপুরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন আদালত।৭ আগস্ট ‘আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন আসাফউদ্দৌলাহ’ শিরোনামে একটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ।এরই পরিপ্রেক্ষিতে ৯ আগস্ট আদালত স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে রুল জারি করেন এবং তাঁকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। এ নির্দেশেনা মেনে তিনি ১৯ আগস্ট আদালতে হাজির হন। শুনানি শেষে আদালত আজ এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছিলেন। আসাফউদ্দৌলাহর পক্ষে ১৯ আগস্ট আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবী আজমালুল হোসেন কিউসি। আদালত এ বিষয়ে আদালতের আইনি সহায়তাকারী (অ্যামিকাস কিউরি) হিসেবে আইনজীবী রফিক-উল হক, এম জহির, আবদুর রব চৌধুরী, রোকনউদ্দিন মাহমুদ, এ এফ হাসান আরিফ, আখতার ইমাম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম বদরুদ্দোজার বক্তব্য শোনেন।