আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি পেলেন সংস্থাপনসচিব
নিশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি পেলেন সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ। আজ রোববার তাঁর আইনজীবীর করা আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে ৬ জানুয়ারি হাইকোর্ট তাঁর প্রতি আদালত অবমাননার রুল জারি করা হয়েছিল। একই সঙ্গে তাঁকে ১৮ জানুয়ারি হাইকোর্টে হাজির হতে বলা হয়েছিল।গত বুধবার হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করা হয়েছে জানিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে সংস্থাপনসচিব আদালতে আবেদন করেন।আদালতে তাঁর পক্ষে আইনজীবী বজলুল করিম ও আদালত অবমাননার অভিযোগ দায়েরকারী রিয়াজউদ্দিনের পক্ষে আইনজীবী গাজী মোস্তাক আহমেদ ও মহিউদ্দিন শামীম মামলা পরিচালনা করেন।মহিউদ্দিন শামীম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নিদের্শনা অুনসরণ করা হয়েছে এবং সংস্থাপনসচিবের নিঃশর্ত ক্ষমা চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত তাঁকে অব্যাহতি দিয়েছেন।জানা যায়, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজঙ্গলিয়া গ্রামে মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিনের ছেলে মো. রিয়াজ উদ্দিন ওই উপজেলার স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা দেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি মৌখিক পরীক্ষায় অংশ নেন। চারটি পদের বিপরীতে তিনি অংশ নিলেও তাঁকে নিয়োগ দেওয়া হয়নি।মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটা থাকলেও তা অনুসরণ করা হয়নি—এমন অভিযোগে রিয়াজউদ্দিন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত গত বছর রুল জারি করেন।রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১০ জুন হাইকোর্ট রায় দেন। রায়ে রিয়াজউদ্দিনের চাকরির বিষয়টি ৩০ দিনের মধ্যে বিবেচনা করতে নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা অনুসরণ না করায় তিনি আদালত অবমাননার আবেদন করেন।