আদালত অবমাননার দায় থেকে যমুনা বিল্ডার্সের এমডির অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত অবমাননার দায় থেকে যমুনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার সশরীরে আদালতে হাজির হয়ে ক্ষমা চাওয়ায় আদালত তাঁকে অব্যাহতি দেন । বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন ও বিচারপতি বোরহান উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের অপব্যাখ্যা দেওয়ায় ৬ ফেব্রুয়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) শামীম ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিল। এ পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে ২২ ফেব্রুয়ারি সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চান আদালত।শামীম ইসলামের আইনজীবী আহসানুল করিম বলেন, ‘নিঃশর্ত ক্ষমা চেয়েছি। আদালত আবেদনটি নিষ্পত্তি করে অবমাননার দায় থেকে তাঁকে অব্যাহতি দিয়েছেন।’